যুদ্ধের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস

যুদ্ধের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস

যুদ্ধের ভয়াবহতা ও টানা অবরোধের মধ্যেও গাজায় সরকারি কার্যক্রম সচল রাখতে গোপন পদ্ধতিতে বেতন দিয়ে যাচ্ছে হামাস। সংঘাত চলাকালে কীভাবে এই জটিল কাজটি তারা করে যাচ্ছে—তা নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

বিজ্ঞাপন

বুধবার বিবিসির প্রকাশিত ওই প্রতিবেদনে উঠে আসে হামাসের কৌশলী অর্থব্যবস্থার একটি গোপনচিত্র।

প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের অধীনে থাকা প্রায় ৩০ হাজার কর্মচারীকে এখনও নিয়মিত বেতন দেওয়া হচ্ছে। যদিও কর্মীরা বেতনের পূর্ণাংশ পাচ্ছেন না, প্রতিজনের বেতন কেটে এনে ২০ শতাংশের মতো দেওয়া হচ্ছে, তাও প্রতি ১০ সপ্তাহে একবার। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কোনো প্রকার ব্যাংকিং সেবা ছাড়াই। বেতন প্রাপককে নির্দিষ্ট স্থানে যেতে হয়, যেখানে ‘কফি খাওয়ার’ মতো আচরণের আড়ালে গোপনে হাতে তুলে দেওয়া হয় ক্যাশ—অনেকে আবার পথে হাঁটতে হাঁটতেই সংগ্রহ করেন অর্থভর্তি খাম।

এভাবে নগদ অর্থ পৌঁছে দিতে গিয়ে অনেক সময় হামাসের অর্থ বিভাগের কর্মকর্তারা ইসরায়েলি টার্গেটে পরিণত হচ্ছেন। সম্প্রতি হামাসের অর্থমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী মার্চ মাসে জানিয়েছিল, তারা খান ইউনিসের নাসের হাসপাতালে এক হামলায় হামাসের অর্থবিষয়ক প্রধান ইসমাইল বারহুমকে হত্যা করেছে। তাদের অভিযোগ, বারহুম হামাসের সামরিক শাখায় অর্থ সরবরাহ করতেন।

হামাসের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মচারী বলেন, প্রতিবার বেতন তুলতে যাওয়ার সময় আমি স্ত্রী ও সন্তানদের বিদায় জানিয়ে যাই। জানি না, আর ফিরতে পারবো কি না। অনেকবার এমন হয়েছে, যখন বেতন বিতরণের স্থানেই ইসরায়েলি হামলা হয়েছে। গাজা শহরের এক ব্যস্ত বাজারে হামলার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলাম।

আলা (ছদ্মনাম) নামে হামাস সরকারের অধীনে একজন স্কুলশিক্ষক জানান, তিনি যে এক হাজার শেকেল পেয়েছেন (প্রায় ৩০০ ডলার), তার অধিকাংশই ছিল পুরোনো ও ছেঁড়া নোট, যা সাধারণত কেউ নিতে চায় না। তিনি বলেন, শুধু ২০০ শেকেলই ব্যবহারযোগ্য ছিল। বাকিগুলো নিয়ে কিছুই করার নেই।

দুই-আড়াই মাস না খেয়ে থাকার পর আমাদের হাতে তুলে দেওয়া হয় নষ্ট টাকা। আমি প্রায়ই খাদ্যসাহায্য বিতরণকেন্দ্রে যাই, কিছু ময়দা পাওয়ার আশায়। কখনো একটু পাই, বেশিরভাগ সময় খালি হাতে ফিরি, বলেন আলা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন