প্যারিসে ইসরাইলি বিমান সংস্থা এল আলের নিরাপত্তা কর্মীদের কর্ম ভিসা নবায়ন বন্ধ করে দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ইসরাইলি গণমাধ্যম। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘিরে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে তখন এ পদক্ষেপ সামনে এলো। খবর টাইমস অব ইসরাইলের।
প্রতিবেদনে বলা হয়, ভিসা স্থগিতাদেশ নিয়ে আলোচনা করছে দু্ই দেশ। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই তদন্ত পরিচালিত হচ্ছে।
ইসরাইলের দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা যারা ‘আইটিএএন’ কর্মী হিসেবে নিবন্ধিত, কূটনৈতিক মিশনে নিযুক্ত ইসরায়েলি নাগরিক, আগে এমন ভিসা পেতেন যা তাদের ফ্রান্সে আইনগতভাবে বসবাস ও কাজ করার অনুমতি দিত। কিন্তু এখন ওই ভিসা নবায়ন বন্ধ হওয়ায় তারা কার্যত ফ্রান্সে অবৈধভাবে কাজ ও বসবাস করছেন বলে গণ্য হচ্ছে।
পত্রিকাটি আরো বলেছে, অনেক কর্মীকে প্যারিসে ইসরাইলি দূতাবাসের মাধ্যমে অস্থায়ী কূটনৈতিক ভিসা নিতে হয়েছে, আবার কেউ কেউ ভিসা নবায়নে ব্যর্থ হয়ে ইসরাইলে ফিরে গেছেন।
ফরাসি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জেরুজালেম পোস্টকে জানিয়েছে, বিষয়টি প্যারিসে ইসরাইলি দূতাবাস ও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দেখা হচ্ছে।
সোমবার, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলার এল আলের এক বিমানের রানওয়ের দিকে যাওয়ার সময় ইন্টারকমে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে একজন চিৎকার করেন বলে অভিযোগ উঠে। ফ্রান্স ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



