তামিল নায়কদের হার মানাচ্ছে ছুরিকাহত ভারতীয় পাইলটের গল্প

তামিল নায়কদের হার মানাচ্ছে ছুরিকাহত ভারতীয় পাইলটের গল্প
ভিডিও কলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন পাইলট স্মিত মচ্ছর। ছবি: এএফপি

ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত ভারতীয় পাইলট স্মিত মচ্ছর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন। শুক্রবার তিনি জানান, উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে থাকায় যাত্রী ও ক্রুদের প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় মচ্ছর বলেন, তিনি আহত অবস্থায় ককপিটের মেঝেতে পড়ে ছিলেন। তখনো তাকে আক্রমণ করা হচ্ছিল। এর মধ্যেই তিনি বুঝতে পারেন, উড়োজাহাজটি নিচে নেমে যাচ্ছে। এরপর ককপিটের দরজা ভেতর থেকে খোলার জন্য শেষবারের মতো চেষ্টা করেন তিনি।

মচ্ছর বলেন, ‘আমি পড়ে যাওয়ার সময় বুঝতে পারছিলাম, উড়োজাহাজটি নিচে নেমে যাচ্ছে। নিজেকে বললাম, দরজাটা ভেতর থেকে খোলার জন্য শেষবারের মতো চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘তখনো আমি আহত হচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দরজাটি খুলতে সক্ষম হই। এরপর অন্যরা ভেতরে আসে। তারাও বড় ভূমিকা রেখেছে।’

মচ্ছর বলেন, ‘অবশ্যই আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলাম। একই সময়ে আমি জানতাম, আমি অন্যদের মরতে দিতে পারি না।’

১৭ বছরের উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা রয়েছে মচ্ছরের। এর মধ্যে ১১ বছর তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞতা ওই মুহূর্তে উড়োজাহাজটির কী ঘটছে, তা বুঝতে তাকে সহায়তা করেছে বলে জানান তিনি।

মচ্ছর বলেন, ‘চোখ বন্ধ থাকলেও উড়োজাহাজটির কী হচ্ছে, তা আমি বুঝতে পারি।’

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি বুধবার ভোরে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর ককপিটে পাইলট ও সহকারী পাইলটের মধ্যে বিরোধ শুরু হয়।

এরপর উড়োজাহাজটি ১৭ হাজার ফুটের (৫ হাজার ২০০ মিটার) বেশি নিচে নেমে যায়। পরে সেটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়।

ফ্লাইদুবাই জানিয়েছে, ‘ফ্লাইট ডেকে একটি বিরোধ’ তৈরি হয়েছিল। পরে ক্রুরা উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নিশ্চিত করেন এবং সেটি নিরাপদে অবতরণ করে।

হামলার ঘটনায় ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনকেই আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন বলে জানানো হয়।

মচ্ছরের সাহস, ধৈর্য ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, মচ্ছরের পদক্ষেপে অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন