আটলান্টিক প্রমোদতরিতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আটলান্টিক প্রমোদতরিতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু
ছবি: বিবিসি

আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী একটি প্রমোদতরিতে সন্দেহভাজন হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে। বিবিসিকে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ আফ্রিকার একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, এমভি হনডিয়াস ক্রুজে ৭০ বছর বয়সি এক পুরুষ যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছানোর পর মারা যান।

বিজ্ঞাপন

ওই ব্যক্তির ৬৯ বছর বয়সি স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে মারা যান।

হান্টাভাইরাস হলো ইঁদুরবাহিত একধরনের ভাইরাস, যা মূলত শুকনো ইঁদুরের বিষ্ঠা থেকে বাতাসে ভেসে আসা কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

অস্ট্রেলিয়ার মেটার হেলথ সার্ভিসেসের সংক্রামক রোগ বিভাগের পরিচালক অধ্যাপক পল গ্রিফিন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, হান্টাভাইরাস কোনো সাধারণ ভাইরাস নয়, তবে এটি মারাত্মক।

তিনি বলেন, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লাখ মানুষ এতে আক্রান্ত হয়।

তিনি বলেন, প্রমোদতরিগুলো সংক্রমণ ছড়ানোর জন্য অত্যন্ত অনুকূল একটি পরিবেশ। কারণ সেখানে দীর্ঘ সময় ধরে একটি আবদ্ধ স্থানে বহু মানুষ থাকে।

গ্রিফিন বলেন, কোভিডের পর থেকে স্বাস্থ্যবিধি অনুশীলনের উন্নতি হয়েছে এবং হান্টাভাইরাসে যাত্রীদের সংক্রমিত হওয়াটা অত্যন্ত অস্বাভাবিক।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন