ইরাকের গ্যাসক্ষেত্রে বারবার হামলা, হুমকিতে জ্বালানি নিরাপত্তা

ইরাকের গ্যাসক্ষেত্রে বারবার হামলা, হুমকিতে জ্বালানি নিরাপত্তা
ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে গেছে। ছবি: সংগৃহীত

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে গেছে। এ ঘটনায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ উৎপাদন প্রাথমিকভাবে ২,৫০০ থেকে ২,৮০০ মেগাওয়াট কমে গেছে।

বিজ্ঞাপন

রোববার গভীর রাতে উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার পর ইরাকের জ্বালানি খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের জেরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দেশটিতে ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা নিয়েও বিরোধ চলছে।

হামলার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে খোর মোর গ্যাসক্ষেত্রে একাধিক হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে কেআরজি কর্তৃপক্ষ।

এমন এক সময়ে হামলাটি হলো, যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। পাশাপাশি ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার জন্য বাগদাদের ওপর চাপ রয়েছে।

হামলার কয়েক দিন আগেই কুর্দিস্তানের অন্যতম রাজনৈতিক দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) কেআরজি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয়। এর ফলে প্রতিদ্বন্দ্বী কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধ আরো গভীর হয়েছে।

কেডিপির সদস্য ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ আমের মনে করেন, খোর মোর গ্যাসক্ষেত্রে হামলা ইরাকের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য বড় পরীক্ষা। একই সঙ্গে নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং দেশের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সক্ষমতারও পরীক্ষা এটি।

আলজাজিরাকে মোহাম্মদ আমের বলেন, ‘ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কুর্দি অঞ্চলের জ্বালানির উৎসগুলোতে বারবার হামলার ঘটনায় এসব হামলার পেছনে থাকা ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। যেসব এলাকা থেকে হামলা চালানো হচ্ছে, সেসব এলাকার দায়িত্বশীল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।’

সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমের। তার আশঙ্কা, এ ধরনের হামলা বারবার ঘটলে ইরাকের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।

তিনি বলেন, ‘এসব হামলার লক্ষ্য ইরাকের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করা। বিশেষ করে খোর মোর গ্যাসক্ষেত্রটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বহুবার হামলার শিকার হয়েছে। কিছু সশস্ত্র গোষ্ঠী নিজেদের আনুগত্য ইরানের প্রতি ঘোষণা করে, ইরাক রাষ্ট্রের প্রতি নয়। এতে পুরো ইরাকের ভূখণ্ডে সরকারের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।’

কৌশলগত বিষয়ক গবেষক কাজিম ইয়াওয়ারও এ হামলার সঙ্গে আঞ্চলিক উত্তেজনার যোগসূত্র দেখছেন। তার মতে, আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ আবারও তীব্র হতে পারে—এমন আশঙ্কা রয়েছে।

ইয়াওয়ার বলেন, ‘এই সময়ে খোর মোর গ্যাসক্ষেত্রে হামলার মূল কৌশলগত উদ্দেশ্য বাইরের কিছু বিষয়ের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং কুর্দি অঞ্চল ও সামগ্রিকভাবে ইরাকের অর্থনীতির ক্ষতি করার চেষ্টা।’

তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার বিরোধ এবং কেডিপি ও পিইউকের মধ্যে ক্রমবর্ধমান বিভক্তি অঞ্চলটির অর্থনৈতিক চাপ আরো বাড়াতে পারে। এমন সময়ে গ্যাসক্ষেত্রটির গুরুত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, কেআরজি গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে এবং নতুন বাজারে গ্যাস সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখছে।

ইয়াওয়ারের মতে, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের ফলে নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে সংসদ সদস্যসহ কয়েকটি রাজনৈতিক শক্তি সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিরস্ত্র করার পক্ষে না থাকায় এসব গোষ্ঠী আরো স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে।

রাজনৈতিক গবেষক গানেম আল-আবেদও হামলার সময়ের দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মতে, কেডিপি ও পিইউকের মধ্যে রাজনৈতিক বিরোধ যখন তীব্র হচ্ছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার উদ্যোগ নিয়ে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি গোষ্ঠীর মতবিরোধ বাড়ছে, ঠিক তখনই খোর মোর গ্যাসক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘খোর মোর গ্যাসক্ষেত্রে হামলার সময়টি লক্ষণীয়। কারণ, এটি কেডিপি ও পিইউকের মধ্যকার রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া নিয়ে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি গোষ্ঠীর ক্রমবর্ধমান মতবিরোধের সময় ঘটেছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাটি ইরাকের সালাহউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু এলাকা থেকে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাটি উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের বাইরে। তবে হামলার প্রকৃত উৎস বা কারা এটি চালিয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আল-আবেদ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য ইরাকের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গ্যাসক্ষেত্রটিতে আরো হামলা হলে তার অর্থনৈতিক প্রভাব কেআরজি নিয়ন্ত্রিত এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কারণ, প্রতিবেশী কিরকুক ও নিনেভেহ প্রদেশের বিদ্যুৎ উৎপাদনেও এ গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ‘ইরাকের অর্থনীতি ধ্বংস করতে চাওয়া গোষ্ঠীগুলোর পরিচয় সরকারকে প্রকাশ করতে হবে এবং তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। ইরাকের পরিস্থিতি যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। কারণ, কিছু সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবি মানছে না।’

আল-আবেদের আশঙ্কা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার যুদ্ধ শুরু হলে এসব সশস্ত্র গোষ্ঠী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে ইরাক নিজেই যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন