তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান
ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউরোপীয় কাঠামোতে তুরস্ককে তার ন্যায্য স্থান না দেওয়া হলে তা ‘অসম্পূর্ণ থেকে যাবে এবং সংকট মোকাবিলায় দুর্বল হয়ে পড়বে।

শনিবার ইউরোপ দিবস উপলক্ষে এক বার্তায় এমন মন্তব্য করেছেন তুরস্কের এই প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, ইউরোপীয় ঐক্যের ভিত্তি স্থাপনকারী ‘শ্যুমান ঘোষণা’ কেবল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতীকই নয়, বরং আমাদের মহাদেশে শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এক অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেছেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইইউর মূল নীতিগুলো এখন যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জসহ একাধিক বৈশ্বিক সংকটের জেরে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে।

এরদোয়ান বলেন, বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী যুদ্ধ, রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ইইউকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি অনুসরণে বাধ্য করেছে। এই প্রক্রিয়ায় প্রার্থী দেশ হিসেবে একটি অপরিহার্য এবং অনস্বীকার্য অংশ হিসেবে টিকে আছে তুরস্ক।

তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক পারস্পরিক প্রতিশ্রুতি ও পূর্ণ সদস্যপদ লাভের লক্ষ্য বজায় রেখে উভয় পক্ষের সমতার ভিত্তিতে ইইউর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। আঙ্কারা আশা করে, এই জোটও একই ধরনের আন্তরিক সদিচ্ছা প্রদর্শন করবে।

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‌‌আমরা আগেও বলেছি, তুরস্কের যতটা না ইইউকে প্রয়োজন, তার চেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজন তুরস্ককে। ভবিষ্যতে এই প্রয়োজনীয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ইউরোপ দিবস এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং সংহতি বয়ে আনবে। একই সঙ্গে ইউরোপের জনগণ এবং তুরস্কের নাগরিকদের প্রতি শুভ কামনা জানিয়েছেন এরদোয়ান।

সূত্র: আনাদোলু

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন