হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি
ছবি: সংগৃহীত।

লোহিত সাগরে ইতালি কোনো যুদ্ধে জড়িত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামুদ্রিক নিরাপত্তা মিশন ‘অ্যাসপিডিস’-এর কার্যক্রম আরও জোরদারের পক্ষে মত দিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

ইতালির সংবাদমাধ্যম ‘কোরিয়ের দেলা সেরা’-কে দেওয়া সাক্ষাৎকারে তাজানি বলেন, সম্প্রতি ইতালির একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলার ঘটনা এবং ইতালির সঙ্গে যুদ্ধে না থাকার বিষয়ে হুথিদের বক্তব্য—দুই বিষয় সামনে রেখেই তাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘না, আমরা যুদ্ধে লিপ্ত নই।’

সম্প্রতি সৌদি আরবের তাইফ বিমানঘাঁটিতে হুথিদের হামলার খবর পাওয়া যায়। ওই হামলায় ঘাঁটিতে মাটিতে থাকা ইতালির একটি এফ-২০০০ (ইউরোফাইটার) যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

লোহিত সাগর ও বাব আল-মান্দেব হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য ইইউ ‘অ্যাসপিডিস’ মিশন চালু করে। হুথিদের সম্ভাব্য হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দেওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য।

তাজানি জানান, লোহিত সাগরের পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় ইতালি অ্যাসপিডিস মিশনের পাশে থাকবে। একই সঙ্গে মিশনটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি এর সক্ষমতা বৃদ্ধির জন্য ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইতালির জন্য লোহিত সাগরের গুরুত্ব তুলে ধরে তাজানি বলেন, দেশটির মোট বাণিজ্যিক সমুদ্র পরিবহনের প্রায় ৪০ শতাংশ এই জলপথ দিয়ে যায়। এ ছাড়া এশিয়ার বাজারে ইতালির রপ্তানি করা পণ্যের প্রায় ৬০ শতাংশও এই পথ ব্যবহার করে। ফলে জলপথটির নিরাপত্তা ইতালির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় বলে উল্লেখ করেন তিনি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন