মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ‘ভেটো’ লেখা লাল রঙের একটি বেসবল ক্যাপের ছবি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেসে পাস হওয়া কোনো আইন ‘ভেটো’ সিল দিয়ে ফিরিয়ে দিতে পারেন তিনি। এ ক্ষেত্রে তাকে বাধা দেওয়ার মতো কিছুই করার নেই কংগ্রেসের।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে এই ক্ষমতা নিরঙ্কুশ নয়।
প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করে কোনো বিল আইনে পরিণত করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। তবে ডেমোক্র্যাটদের এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে এক্ষেত্রে তাদের রিপাবলিকান সদস্যদের সমর্থন নিতে হবে।
অবশ্য ২০২১ সালে প্রতিরক্ষা ব্যয়সংক্রান্ত একটি বিলে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ভেটো কংগ্রেসে বাতিল হয়েছিল। তবে এমন ঘটনা বিরল। কংগ্রেসের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টদের দেওয়া ভেটোর মাত্র প্রায় ৪ শতাংশ অগ্রাহ্য করতে পেরেছে আইনসভা।
এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশ জারির ক্ষমতাও রয়েছে ট্রাম্পের। এসব আদেশ কার্যকর করতে আইনসভার অনুমোদন প্রয়োজন হয় না।
ইউনিভার্সিটি কলেজ কর্কের যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ ক্লোদাগ হ্যারিংটন বিবিসি ভেরিফাইকে বলেন, নির্বাহী আদেশ বাতিলের ক্ষেত্রে কংগ্রেসের সরাসরি ভূমিকা রাখার সুযোগ খুব বেশি নেই। তবে আদালতে এসব আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো যায়। নির্বাহী আদেশ ঠেকানোর প্রচলিত আইনি পথ এটিই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

