মাদকসেবনে বাধা দেওয়ায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

মাদকসেবনে বাধা দেওয়ায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকসেবীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানা (৫৪)। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত রানা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে কয়েকজন যুবক ও কিশোর মাদক সেবন করছিল। এ সময় কলেজের পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে তাদের দেখে গালিগালাজ করেন রানা এবং মাঠ ছেড়ে চলে যেতে বলেন। একপর্যায়ে আফতাব উদ্দিন নামে এক কিশোর চলে যেতে অস্বীকৃতি জানালে তাকে চড়-থাপ্পড় মারেন রানা।

পরে আফতাব বাড়িতে গিয়ে তার চাচা তাজুল ইসলামকে বিষয়টি জানায়। ভাতিজাকে মারধরের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তাজুল একটি ছুরি নিয়ে গচিহাটা বাজারে রানাকে খুঁজতে বের হন। একপর্যায়ে চিত্রা ফার্মেসিতে বসে থাকা অবস্থায় সেখানে ঢুকে রানার ডান হাতের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

পরে স্থানীয় লোকজন রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আজিজুল হক জানান, ছুরিকাঘাতে রানার ডান হাতের নিচের বেশ কিছু অংশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন