যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদ সফরের কথা ছিল তার।
তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সফর বাতিল করল হোয়াইট হাউস।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবে তেহরান সাড়া দিতে ব্যর্থ হওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর স্থগিত করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ভ্যান্সের সফরটি স্থগিত করা হয়েছে। দ্বিতীয় দফার শান্তি আলোচনাটি মঙ্গলবার শুরু হওয়ার কথা ছিল।
সিএনএন জানিয়েছে, ইরান শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তান সফরের পরিকল্পনা অনিশ্চিত থাকা সত্ত্বেও ভ্যান্স মঙ্গলবার বিকেলে বিভিন্ন বৈঠকে যোগ দিতে হোয়াইট হাউসে পৌঁছেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সকালে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনার জন্য কর্মকর্তারা বৈঠকে বসায় তার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
ভ্যান্সের পৌঁছানোর কিছুক্ষণ পরেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও হোয়াইট হাউসে পৌঁছান। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রায় ৫০ মিনিট আগেই ওয়েস্ট উইংয়ের প্রবেশপথে আসতে দেখা যায় বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

