ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন
ছবি: আল-জাজিরা

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধের তিন মাস পূর্ণ হওয়ার পর ক্যাপিটল হিলে নিজের প্রথম উপস্থিতিতেই তিনি ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে পেন্টাগন জানায়, ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার। এই অর্থের বড় অংশই খরচ হয়েছে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে। তবে ডেমোক্র্যাট নেতা ও অর্থনীতিবিদরা এই হিসাবকে ‘অত্যন্ত কম’ বলে প্রত্যাখ্যান করেছেন।

তাদের মতে, যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর যে প্রভাব পড়েছে, তাতে প্রকৃত ব্যয়ের পরিমাণ ৬৩০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার পর্যন্ত হতে পারে।

শুনানিতে ডেমোক্র্যাটদের প্রশ্নের মুখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হেগসেথ। তিনি এই সমালোচনাকে ‘বেপরোয়া ও পরাজয়বাদী’ শব্দ বলে অভিহিত করেন। এদিকে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ট্রাম্প প্রশাসন আগামী বছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট চেয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ।

পেন্টাগনের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক জে হার্স্ট জানান, ২৫ বিলিয়ন ডলারের হিসাবটি মূলত সরাসরি যুদ্ধের ব্যয়। এতে গোলাবারুদ এবং অপারেশনাল খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে হার্ভার্ডের অর্থনীতিবিদ লিন্ডা বিলমেস মনে করেন, যুদ্ধের মোট খরচ ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধে প্রতিদিন গড়ে ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪০ শতাংশ বেড়ে প্রতি গ্যালন ৪.২৩ ডলারে পৌঁছেছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে।

রয়টার্স/আইপসোসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, মাত্র ২২ শতাংশ আমেরিকান জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেছেন।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে আরো কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট সদর দপ্তর মেরামতেই অন্তত ২০০ মিলিয়ন ডলার খরচ হতে পারে বলে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ মার্কিন অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...