যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে নতুন করে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে কিউবা। ইতোমধ্যে পর্যটন খাতে সংকটে থাকা দেশটির কমিউনিস্ট সরকারকে আরও চাপে ফেলতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এই পরিস্থিতিতে কিউবার কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে, আগামী ৬ জুন থেকে দেশটিতে ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে কোনো লেনদেন করা যাবে না।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার কারণে একাধিক বিদেশি প্রতিষ্ঠান কিউবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত বা বন্ধ করতে শুরু করেছে। এর ফলে কার্ড লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি বিদেশি অংশীদার প্রতিষ্ঠান ১ মে জারি করা মার্কিন নির্বাহী আদেশের পর কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেয়।
কিউবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির অর্থ গ্রহণ এখন আর সম্ভব হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, এটি কিউবার অর্থনীতির জন্য নতুন ও বড় ধরনের ধাক্কা। কারণ দেশটির পর্যটন খাত আগেই সংকটে ছিল। নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কিউবা সামরিক-নিয়ন্ত্রিত একটি ব্যবসায়িক গোষ্ঠী জিএএসএর ওপরও কড়াকড়ি আরোপ করেছে, যার বিরুদ্ধে পর্যটন, আর্থিক লেনদেন ও প্রবাসী আয়ের মতো খাত থেকে আয় গোপনে নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
তবে কিউবা সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জিএএসএ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
এদিকে নিষেধাজ্ঞা বাড়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক বিদেশি হোটেল, বিমান সংস্থা ও শিপিং কোম্পানি কিউবা থেকে কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে বলেও জানা গেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


