আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন নাগরিকদের লোকেশন ডেটা কিনছে এফবিআই, গোপন নজরদারি নিয়ে বিতর্ক

আমার দেশ অনলাইন

মার্কিন নাগরিকদের লোকেশন ডেটা কিনছে এফবিআই, গোপন নজরদারি নিয়ে বিতর্ক

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে গোপনে সাধারণ নাগরিকদের অবস্থানসংক্রান্ত তথ্য (লোকেশন ডেটা) কিনছে বলে জানা গেছে। সম্প্রতি সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে এ বিষয়ে সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল এ তথ্য স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেনের প্রশ্নের জবাবে প্যাটেল জানান, তারা বাণিজ্যিকভাবে সহজলভ্য তথ্য আইনগত কাঠামোর মধ্যেই সংগ্রহ করেন। তাঁর মতে, এটি গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়ক।

এর আগে ২০২৩ সালে তৎকালীন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছিলেন, এ ধরনের তথ্য কেনা বন্ধ রাখা হয়েছিল। তবে নতুন প্রশ্ন উঠেছে, সেই নীতি এখনো বহাল আছে কি না।

সিনেটর রন ওয়াইডেন এ ধরনের ডেটা সংগ্রহকে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনীর গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। তাঁর মতে, ওয়ারেন্ট ছাড়া ব্যক্তিগত তথ্য কেনা নাগরিক অধিকারকে ঝুঁকিতে ফেলছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে বিশাল ডেটা বিশ্লেষণের সক্ষমতা থাকায়।

বর্তমান আইনে টেলিকম কোম্পানির কাছ থেকে সরাসরি তথ্য নিতে হলে আদালতের অনুমতি প্রয়োজন হলেও, তথ্য কেনাবেচাকারী বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ডেটা কেনার ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা নেই। এই আইনি ফাঁক (লুপহোল) বন্ধে নতুন আইন প্রণয়নের দাবি উঠেছে।

এ বিষয়ে রিপাবলিকান প্রতিনিধি ওয়ারেন ডেভিডসনও সমালোচনা করে জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলো যাতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য কিনতে না পারে, সে জন্য তিনি দ্বিদলীয় একটি বিল উত্থাপন করেছেন।

বিশ্লেষকদের মতে, এই বিতর্ক যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার ও নজরদারি নীতির মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন