ইউরেনিয়াম ইস্যুতে ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার ইউরেনিয়াম অপসারণ সম্পন্ন করেছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
মার্কিন জ্বালানি বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা রিঅ্যাক্টর থেকে ১৩.৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি স্থাপনা থেকে এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয় এবং পরে তা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার একটি নিরাপদ স্থাপনায় স্থানান্তর করা হয়।
আইএইএ জানিয়েছে, স্থল ও সমুদ্রপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় ইউরেনিয়াম স্থানান্তরের এই অভিযান ছিল অত্যন্ত সংবেদনশীল ও জটিল।
ভেনেজুয়েলা সরকার দাবি করেছে, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানের পর ওই স্থাপনার নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইউরেনিয়াম সরানো জরুরি হয়ে পড়ে।
অন্যদিকে মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্র্যান্ডন উইলিয়ামস বলেন, এই পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তা ও পারমাণবিক ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু এবং দূতাবাস কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের মূল কৌশল এখনো ইরানকে তার প্রায় ৪০৮ কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম ত্যাগে বাধ্য করা। তবে এ বিষয়ে এখনো কোনো স্থায়ী সমঝোতা হয়নি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


