খুলনার রূপসা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দুর্জনীমহল এলাকার জনবহুল শহীদের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জয় ঢালী (২৭) উপজেলার আইচগাতী ইউনিয়নের আতিয়ার ঢালীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার পর দুর্জনীমহলের শহীদের মোড় এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে জয় ঢালীর কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জয়কে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপসা থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর জানান, দুর্বৃত্তরা জয় ঢালীকে বেধড়ক কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে হত্যাকাণ্ডের পর দুর্জনীমহলের শহীদের মোড় ও আব্দুলের মোড় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে এলাকাটি অনেকটা জনশূন্য হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

