ইউক্রেনের দাবি

কৃষ্ণ সাগরে চীনা কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কৃষ্ণ সাগরে চীনা কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

কৃষ্ণ সাগরে একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে ইউক্রেন। ঘটনাটি সোমবার রাতে এমন সময় ঘটে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের উদ্দেশে সফরের প্রস্তুতি নিচ্ছিলেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলার সময় একটি ইউএভি (ড্রোন) চীনের মালিকানাধীন জাহাজকে আঘাত করে।

তিনি বলেন, “সমুদ্রে কোন জাহাজ ছিল সে সম্পর্কে রুশরা অজ্ঞাত থাকতে পারে না।”

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক জানান, জাহাজে থাকা সব ক্রু চীনের নাগরিক ছিলেন এবং কেউ আহত হননি। হামলার পরও জাহাজটি তার গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে।

নৌবাহিনী জাহাজটির নাম জানিয়েছে “কেএসএল দেয়াং”। প্রকাশিত ছবিতে দেখা গেছে, জাহাজের উপরের অংশে আগুনে পোড়া দাগ রয়েছে।

ইউক্রেন আরও জানিয়েছে, রাতে রাশিয়া ৫২৪টি ড্রোন এবং ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলও ছিল।

চীন দীর্ঘদিন ধরে যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানালেও ২০২২ সালে রাশিয়ার আক্রমণের নিন্দা করেনি এবং নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে আসছে।

এর আগে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি হয়েছিল, যা পরে রাশিয়া বাতিল করে দেয়।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন