গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত হলেন ৩ রুশ কূটনীতিক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত হলেন ৩ রুশ কূটনীতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রিয়ার ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, কূটনৈতিক স্থাপনা ব্যবহার করে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চালানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েনায় রুশ কূটনৈতিক ভবনের ছাদে স্থাপিত সন্দেহজনক নজরদারি সরঞ্জাম নিয়ে তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এসব সরঞ্জাম আন্তর্জাতিক সংস্থাগুলোর স্যাটেলাইট যোগাযোগে আড়ি পাতার কাজে ব্যবহৃত হতে পারে।

কর্তৃপক্ষের মতে, বহিষ্কৃত তিন কর্মী এই কার্যক্রমে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পরবর্তীতে তাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয় এবং তারা ইতোমধ্যে অস্ট্রিয়া ত্যাগ করেছেন।

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিয়াটে মেইনল-রাইসিঙ্গার জানান, গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক সুবিধা ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভিয়েনায় রাশিয়ার কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। ২০২২ সালের পর থেকে এ পর্যন্ত মোট ১৪ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে অস্ট্রিয়া, যদিও এখনো প্রায় ২২০ জন রুশ কর্মী বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন