ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতি, সামরিক নীতি বদলাচ্ছে ইরান

ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতি, সামরিক নীতি বদলাচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

ভবিষ্যতে সংঘাত আরো বাড়তে পারে—এমন আশঙ্কায় নিজেদের সামরিক নীতিতে পরিবর্তন আনছে ইরান। দেশটির সামরিক কৌশলে এখন আগেভাগে হুমকি ঠেকানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের সামরিক নীতির এই পরিবর্তনের কথা জানিয়েছেন ক্লিনজেন্ডেল ইনস্টিটিউটের ইরানবিষয়ক গবেষক হামিদরেজা আজিজি।

সাবস্ট্যাকভিত্তিক নিউজলেটার ‘ইরান অ্যানালিটিকা’ও লেখেন আজিজি। তার মতে, ইরানের আগের প্রতিরোধকৌশল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বারবার হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এ কারণে ভবিষ্যতে হামলা ঠেকানোর কৌশল নতুন করে ভাবছে তেহরান। এর অংশ হিসেবে হামলার আগেই প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দিচ্ছে দেশটি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি লিখেছেন, তেহরান এখন আরো আগের পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। এর মাধ্যমে ইরান এমন বার্তা দিতে চাইছে যে দেশটির ওপর হামলার প্রস্তুতিও যদি নেওয়া হয়, তার জবাব দিতে পারে ইরান।

আজিজির মতে, ইরানের নতুন ‘আক্রমণাত্মক সামরিক নীতিতে’ দুটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। এর একটি হলো আগাম হামলা বা প্রতিরোধমূলক পদক্ষেপ। এর লক্ষ্য হলো কোনো সম্ভাব্য হুমকি বাস্তবে পরিণত হওয়ার আগেই তা ঠেকানো।

অন্যটি হলো মাত্রাতিরিক্ত পাল্টা জবাব। এর লক্ষ্য হচ্ছে ইরানের ওপর কোনো হামলা হলে তার মূল্য এত বেশি করে তোলা, যাতে ভবিষ্যতে কেউ হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি বিবেচনা করতে বাধ্য হয়।

ইরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যোগ না দেওয়ার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আজিজি।

তার ভাষ্য, ওই সতর্কবার্তাটি মূলত উপসাগরীয় দেশগুলোর প্রতি একটি ‘চূড়ান্ত সতর্কবার্তা’। একই সঙ্গে ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামো আরেক দফা উত্তেজনা বা সংঘাতের জন্য ক্রমেই প্রস্তুতি নিচ্ছে।

আজিজির বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন শুধু হামলার পর পাল্টা জবাব দেওয়ার কৌশলে সীমাবদ্ধ থাকতে চাইছে না। বরং সম্ভাব্য হামলার প্রস্তুতি বা হুমকির পর্যায়েই প্রতিপক্ষকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। এ পরিবর্তন দেশটির সামরিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন