ইউরোপের ‘ফাঁপা নিন্দায়’ শক্তিশালী হচ্ছে ইসরাইল

ইউরোপের ‘ফাঁপা নিন্দায়’ শক্তিশালী হচ্ছে ইসরাইল
ছবি: আল-জাজিরা

ইউরোপের দেশগুলোর নিন্দা বা সমালোচনাকে ইসরাইল গুরুত্ব দেয় না। বরং এ ধরনের নিন্দা ইসরাইল সরকারের অবস্থানকে আরো শক্তিশালী করে। এমন মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক কূটনীতিক অ্যালন পিনকাস।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিনকাস বলেন, ইসরাইল সরকারের কাছে এসব নিন্দা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বরং এর প্রভাব উল্টো। ইউরোপীয় দেশগুলোর এমন সমালোচনা ইসরাইল সরকারকে তাদের পুরোনো একটি যুক্তি তুলে ধরার সুযোগ করে দেয়।

বিজ্ঞাপন

পিনকাস বলেন, এসব নিন্দার পর ইসরাইল সরকার বলতে পারে, ‘পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে। সবাই ইহুদিবিদ্বেষী। ইসরাইলবিরোধী একটি পরিবেশ তৈরি হয়েছে। সবাই আমাদের ঘৃণা করে।’

ইসরাইলের এই সাবেক কূটনীতিকের মন্তব্যের আগে বৃহস্পতিবার ইউরোপের কয়েকটি দেশ ও কানাডা একটি যৌথ বিবৃতি দেয়। এতে ইসরাইলের ‘ই ওয়ান’ বসতি প্রকল্পের সমালোচনা করা হয়। একই সঙ্গে এর সম্ভাব্য ‘আইনি ও সুনামগত পরিণতি’ সম্পর্কে সতর্ক করা হয়।

‘ই ওয়ান’ প্রকল্পটি পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের সঙ্গে সম্পর্কিত। এ প্রকল্প নিয়ে ইসরাইলের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বিরোধ দীর্ঘদিনের।

পিনকাস ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত নিউইয়র্কে ইসরাইলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সংসদ বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু বক্তব্য ও নিন্দা জানানো হলে তাতে ইসরায়েল সরকারের ওপর কোনো বাস্তব চাপ তৈরি হয় না।

তিনি বলেন, যতক্ষণ এসব পদক্ষেপ শুধু বক্তব্য এবং ‘ফাঁপা নিন্দার’ মধ্যে সীমাবদ্ধ থাকবে, ততক্ষণ ইসরাইল সরকার তা নিয়ে চিন্তিত নয়।

পিনকাসের বক্তব্যে মূলত ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক সমালোচনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তার মতে, শুধু নিন্দা বা সতর্কবার্তা না দিয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া না হলে এসব সমালোচনা ইসরাইলের নীতিতে বড় কোনো পরিবর্তন আনবে না। বরং এসব নিন্দাকে ইসরাইল সরকার নিজেদের পক্ষে রাজনৈতিক বক্তব্য তৈরিতে ব্যবহার করতে পারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন