ভারতে ফের করোনা সংক্রমণ, ২ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভারতে ফের করোনা সংক্রমণ, ২ জনের মৃত্যু
ছবি: এনডিটিভি

ভারতের আবারো করোনা সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কদাপা জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন। এই পরিস্থিতিতে নজরদারি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ ।

কাডাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির পর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তিনি ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

আরেক ঘটনায় কাদাপার ৪৩ বছর বয়সী এক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালের করোনা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নতুন সংক্রমণের পর স্বাস্থ্য বিভাগ রাজ্যটির ওই জেলায় বিশেষ টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

জেলা পরিষদের এক বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছে। ভাইরাসের ধরন শনাক্ত এবং সংক্রমণের ধরণ বোঝার জন্য নমুনা পুনের একটি পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

এমন অবস্থায় সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য কাদাপায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের জেলা-দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা। তিনি আক্রান্ত এলাকাগুলোতে কঠোরভাবে করোনা-সংক্রান্ত স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কর্মসূচি চালানোর নির্দেশ দেন।

এছাড়া হাসপাতালসহ জনসমাগমপূর্ণ সব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী সাভিথা। তিনি আরো বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী আইসোলেশন কেন্দ্রে স্থানান্তর করতে হবে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন