ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের একটি গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় গোবর ছোড়াছুড়ির এক উৎসব। এই উৎসব দেখতে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন। শতাব্দীপ্রাচীন এ উৎসবের নাম ‘গোরিহাব্বা’। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এর প্রচলন।
ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির তৃতীয় দিনে দক্ষিণ ভারতের গুমাতাপুরা গ্রামে উৎসবটি অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে পূজিত দেবতা বীরেশ্বরের সম্মানে এ আয়োজন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গোবরের স্তূপ থেকে তার আবির্ভাব হয়েছিল। পরে প্রতিবছর তার সম্মানে গোরিহাব্বা উৎসব পালনের ইচ্ছা প্রকাশ করেন তিনি। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। গ্রামের বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে মন্দিরের কাছে জড়ো করেন বাসিন্দারা। এরপর গাধার পিঠে দানবের সাজে এক ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়।
গোবরবোঝাই একটি গরুর গাড়িও ফুল ও কলাপাতা দিয়ে সাজিয়ে মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে শুরু হয় গোবর ছোড়াছুড়ি। উৎসব দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসেন। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছ থেকে এ উৎসবের কথা জেনে সেখানে গেছেন বলেও জানিয়েছেন।
অংশগ্রহণকারীদের বিশ্বাস, গোবর শুধু ধর্মীয়ভাবে পবিত্র নয়, এর রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। তাদের ধারণা, গোবর ছোড়াছুড়ির এই রীতি অসুস্থতা দূর করতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


