যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হতাশা প্রকাশ

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হতাশা প্রকাশ
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং ।ছবি : সংগৃহীত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। দুই দেশের শীর্ষস্থানীয় মন্ত্রীরা এই ব্যর্থতাকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেছেন এবং উভয় পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইসলামাবাদে আলোচনা থমকে যাওয়াটা অবশ্যই হতাশাজনক। আমরা আশা করেছিলাম ইরানের এই যুদ্ধের একটি টেকসই সমাধান হবে এবং একটি বড় অগ্রগতি দেখা যাবে।’ তবে তিনি ইতিবাচক মনোভাব বজায় রেখে বলেন, ‘কূটনীতির ক্ষেত্রে সফল হওয়ার আগ পর্যন্ত ব্যর্থতা আসতেই পারে। এবারের বৈঠক সফল হয়নি মানে এই নয় যে চেষ্টা থামিয়ে দিতে হবে। শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।’

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এক বিবৃতিতে আলোচনার অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়াটা হতাশাজনক। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং দ্রুত পুনরায় আলোচনায় ফেরা।’

উল্লেখ্য, ৪৪ দিন ধরে চলা এই সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীল দাম ও মানবিক সংকটের মুখে বড় শক্তিগুলো একটি টেকসই যুদ্ধবিরতির প্রত্যাশা করছে।

সূত্র : আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন