ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

পর্ব ১: বিজ্ঞাপন শুধু বিজ্ঞাপন নয়: অ্যাড অপারেশন আসলে কী?

বিজ্ঞাপন

সকাল ৯টা। অফিসে বসেই ল্যাপটপ খুললেন রাফিদ (ছদ্মনাম)। মেইলে নতুন একটি ক্যাম্পেইনের ব্রিফ এসেছে। একটি বড় প্রতিষ্ঠান নতুন পণ্য বাজারে এনেছে। বাজেট ২০ লাখ টাকা। লক্ষ্য — ২৫ থেকে ৪০ বছর বয়সী মানুষ। বিজ্ঞাপন হিসেবে দেওয়া হয়েছে একটি ভিডিও ও একটি ব্যানার। রাফিদের কাজ শুধু বিজ্ঞাপনটি ওয়েবসাইটে তুলে দেওয়া নয়।

প্রথমেই তাকে দেখতে হবে, ক্রিয়েটিভ - এর টেকনিক্যাল স্পেসিফিকেশন ঠিক আছে কি না। ক্যাম্পেইন - এর start ও end date ঠিক আছে কি না। টার্গেটিং সঠিকভাবে সেট করা হয়েছে কি না। ট্র্যাকিং কাজ করছে কি না। সব ঠিক থাকলে শুরু হবে ডেলিভারি।

কিন্তু এখানেই শেষ নয়।

কিছুক্ষণ পর রাফিদ ড্যাশবোর্ড খুলে দেখলেন, বিজ্ঞাপনটি ঠিকমতো ইম্প্রেশন পাচ্ছে কি না। ক্লিক আসছে কি না। ক্যাম্পেইন নির্ধারিত pace - এ চলছে কি না। কোনো টেকনিক্যাল এরর হচ্ছে কি না।

কারণ একটি ছোট কনফিগারেশন এরর - এর কারণেও বিজ্ঞাপন ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে নাও পারে। তখন বিজ্ঞাপনের টাকা খরচ হবে, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এই পুরো কাজটির নামই অ্যাড অপারেশন বা অ্যাডপ্স (AdOps).

তাহলে AdOps আসলে কী?

সহজ ভাষায়, একটি ডিজিটাল বিজ্ঞাপন ক্যাম্পেইনকে সেটআপ, ডেলিভারি, মনিটরিং এবং মেজারমেন্ট পর্যন্ত পরিচালনা করাই অ্যাডপ্স - এর কাজ।

আমরা যখন কোনো নিউজ ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন দেখি, তখন মনে হতে পারে - ওয়েবসাইটে ঢুকেছি, তাই বিজ্ঞাপন দেখছি। কিন্তু বাস্তবে তখন অনেক কিছু একসঙ্গে কাজ করছে।

কোন বিজ্ঞাপনটি দেখানো হবে? ব্যবহারকারীটি কি কাঙ্ক্ষিত অডিয়েন্সের অংশ? তাকে বিজ্ঞাপনটি কতবার দেখানো হয়েছে? বিজ্ঞাপনটি দৃশ্যমান ছিল কি না? তিনি ক্লিক করলেন কি না? এসব সিদ্ধান্তের পেছনে থাকে একটি বড় প্রযুক্তিগত ব্যবস্থা।

বিজ্ঞাপনের পেছনে কারা থাকে?

এই ব্যবস্থায় একদিকে থাকে Advertiser বা বিজ্ঞাপনদাতা, যে বিজ্ঞাপন দিতে চায়। তার সঙ্গে থাকতে পারে এজেন্সি বা মিডিয়া বায়িং টীম, যারা বাজেট, অডিয়েন্স ও মিডিয়া স্ট্রাটেজি ঠিক করে। অন্যদিকে থাকে Publisher বা প্রকাশক - নিউজ ওয়েবসাইট, অ্যাপ বা ভিডিও প্ল্যাটফর্ম, যারা বিজ্ঞাপন দেখানোর জায়গা বা ইনভেন্টরি তৈরি করে।

এর মাঝখানে থাকতে পারে DSP, SSP, Ad Exchange এবং Ad Server-এর মতো বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্ম।

সহজভাবে বলা যায়: Advertiser → Agency/DSP → Ad Exchange/SSP → Publisher → User আর এই পুরো প্রক্রিয়াটি যেন ঠিকভাবে কাজ করে, সেটি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব অ্যাডপ্স - এর।

অ্যাড সার্ভার কী করে?

রাফিদ যে ক্যাম্পেইনটি পরিচালনা করছেন, সেটি কোনো না কোনো অ্যাড সার্ভার - এর মাধ্যমেও পরিচালিত হতে পারে।

একজন ব্যবহারকারী যখন ওয়েবপেজ খুলছেন, তখন বিজ্ঞাপনের জায়গাটির জন্য একটি অ্যাড রিকোয়েস্ট তৈরি হতে পারে। এরপর ক্যাম্পেইন - এর নিয়ম, টার্গেটিং এবং এভেইলেবল ডিমান্ড -এর ভিত্তিতে উপযুক্ত বিজ্ঞাপন নির্বাচন করে দেখানো হয়।

অর্থাৎ, ব্যবহারকারী যখন একটি ব্যানার দেখছেন, তখন তার পেছনে শুধু একটি ছবি নেই। সেখানে থাকতে পারে টার্গেটিং, ফ্রিকোয়েন্সি লিমিট, ট্র্যাকিং এবং ডেলিভারি লজিক।

বেশি ইম্প্রেশন মানেই সাফল্য নয়

দিনের শেষে রাফিদ ড্যাশবোর্ডে দেখলেন, ক্যাম্পেইন ৫০ লাখ ইম্প্রেশন পেয়েছে। সংখ্যাটি চমৎকার। কিন্তু এখানেই কি সাফল্য?

- না।

বিজ্ঞাপনটি যদি ভুল অডিয়েন্সের কাছে যায়, দৃশ্যমান না হয়, একই ব্যবহারকারীকে অতিরিক্ত বার দেখানো হয় অথবা ব্র্যান্ড - এর জন্য অনুপযুক্ত কনটেন্টের পাশে চলে - তাহলে শুধু ইম্প্রেশন দিয়ে ক্যাম্পেইনের সাফল্য বিচার করা যাবে না।

তাই অ্যাডপ্স - এ মেজারমেন্ট, ভেরিফিকেশন, ব্র্যান্ড সেফটি, ফ্রড প্রিভেনশন এবং ট্রান্সপারেন্সি - ও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের প্রেক্ষাপটে

বাংলাদেশে ডিজিটাল মিডিয়া ও অনলাইন বিজ্ঞাপনের পরিধি যত বাড়ছে, অ্যাডপ্স - এর গুরুত্বও তত বাড়ছে। বিশেষ করে সংবাদমাধ্যমের জন্য এডভার্টাইজিং ইনভেন্টরি একটি গুরুত্বপূর্ণ বিজনেস অ্যাসেট। সেই ইনভেন্টরি কতটা কার্যকরভাবে মনেটাইজ করা যাচ্ছে এবং বিজ্ঞাপনদাতার ক্যাম্পেইন কতটা ভালোভাবে ডেলিভারি হচ্ছে - এসবের সঙ্গে অ্যাডপ্স সরাসরি যুক্ত।

কারণ বিজ্ঞাপনদাতা এখন শুধু জানতে চান না -

“আমার বিজ্ঞাপন কোথায় চলেছে?”

তিনি জানতে চান -

“আমার টাকা কোথায় খরচ হলো এবং তার বিনিময়ে আমি কী পেলাম?”

সন্ধ্যায় অফিস ছাড়ার আগে রাফিদ আরেকবার ড্যাশবোর্ড দেখলেন। ক্যাম্পেইন ঠিকঠাক চলছে। অন্যদিকে, কোনো এক শহরের একজন মানুষ তখন মোবাইলে একটি নিউজ পড়ছেন। কয়েক সেকেন্ডের জন্য তার স্ক্রিনে সেই বিজ্ঞাপনটি ভেসে উঠল।

মানুষটি হয়তো জানেনই না, তার স্ক্রিনে বিজ্ঞাপনটি পৌঁছানোর আগে কতগুলো প্রযুক্তি, ডেটা এবং মানুষের সিদ্ধান্ত কাজ করেছে। আমরা বিজ্ঞাপনটির শুধু কয়েক সেকেন্ড দেখি।

কিন্তু সেই কয়েক সেকেন্ডের পেছনে থাকে একটি বড় ইকোসিস্টেম।

আর সেই ইকোসিস্টেম - কে সচল রাখার গুরুত্বপূর্ণ অংশ হলো Ad Operation বা AdOps।

(চলবে)

লেখক: অ্যাড ম্যানেজার, আইটি বিভাগ, আমার দেশ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন