ইরান ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে কঠোর পদক্ষেপ নিয়েছে বাহরাইন। দেশটির কর্তৃপক্ষ ইরানের প্রতি সমর্থন, প্রশংসা বা সহানুভূতি প্রকাশের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, সাম্প্রতিক সংঘাতে ইরানের কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাগরিকত্ব হারানো ব্যক্তিদের মধ্যে তাদের পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) বাহরাইন নিউজ এজেন্সি জানায়, যেসব ব্যক্তি ইরানের ‘শত্রুতামূলক ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি ও প্রশংসা’ প্রকাশ করেছেন, তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। মোট সংখ্যা এখন পর্যন্ত ৬৯ জনে দাঁড়িয়েছে।
এর আগে মার্চ মাসে বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট ‘ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার ও অতিরঞ্জিত করার’ অভিযোগে একটি মামলার প্রাথমিক শুনানি করে, যদিও তখন অভিযুক্তের সংখ্যা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এর পাল্টা জবাবে ইরানও ইসরাইলসহ যুক্তরাষ্ট্রঘেঁষা বিভিন্ন দেশে হামলা চালায়। সংঘাতে ৩,৩০০ জনের বেশি মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে।
পরে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। যদিও ২২ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী পাকিস্তানের অনুরোধে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

