আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে ইহুদিদের উসকানি দিয়ে ক্ষেপিয়ে তোলার অভিযোগ উঠেছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের বিরদ্ধে। তার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। একই সঙ্গে সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের উসকানিমূলক কর্মকাণ্ড এবং মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপের ঘটনারও প্রতিবাদ জানানো হয়েছে।
কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন-গাভিরের এই পদক্ষেপকে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের অনুভূতির ওপর ‘অগ্রহণযোগ্য উসকানি’ হিসেবে অভিহিত করেছে।
মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
কাতার সতর্ক করে বলেছে, এটি অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তনের একটি ‘বিপজ্জনক প্রচেষ্টা’। আন্তর্জাতিক আইনের অধীনে এ ধরনের একতরফা ব্যবস্থা বাতিল ও অকার্যকর বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান এসব লঙ্ঘন বন্ধে এবং আন্তর্জাতিক রেজোলিউশন মেনে চলতে ইসরাইলকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


