ইসরাইল প্রতিষ্ঠার ভিডিও প্রকাশ করলেন জোহরান মামদানি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইল প্রতিষ্ঠার ভিডিও প্রকাশ করলেন জোহরান মামদানি
জোহরান মামদানি। ছবি : এপি

নাকবা দিবস (ফিলিস্তিনিদের বিপর্যয় দিবস) উপলক্ষে একটি ভিডিও এবং বিবৃতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

ভিডিওটিতে নিউইয়র্কের বাসিন্দা এবং নিজেকে ‘নাকবা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি’ হিসেবে দাবি করা ইনিয়া বুশনাকের একটি সাক্ষাৎকার দেখানো হয়েছে। সাক্ষাৎকারে তিনি ‘জেরুজালেমে জায়নবাদীরা আসছিল’ এমন শঙ্কায় নিজের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার বর্ণনা দেন।

বিজ্ঞাপন

ভিডিওতে বলা হয়েছে, ‘নাকবা একটি আরবি শব্দ, যার অর্থ ‘বিপর্যয়’। ১৯৪৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে ইসরাইল রাষ্ট্র গঠন এবং তার পরবর্তী বছরে ৭ লাখেরও বেশি ফিলিস্তিনিকে বহিষ্কার ও বাস্তুচ্যুত করার ঘটনাকে এটি নির্দেশ করে।’

এতে আরো বলা হয়, ‘হাগানাহ, ইরগুন ও লেহি মিলিশিয়াসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ৪০০টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম ও শহর ধ্বংস করেছে, হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যাসহ অসংখ্য গণহত্যা চালিয়েছে। প্রতি বছরের ১৫ মে নাকবা দিবস হিসেবে স্মরণ করা হয়। ফিলিস্তিনিদের জন্য তাদের বাস্তুচ্যুতি এবং এই নাকবা বা বিপর্যয় আজও অব্যাহত রয়েছে।’

এই ভিডিও এবং নাকবা সংক্রান্ত বক্তব্য মূলত ফিলিস্তিনিদের তথাকথিত ‘প্রত্যাবর্তনের অধিকার’-কে জোরালো করে, যা ফিলিস্তিনিদের একটি প্রধান দাবি এবং এর বাস্তবায়ন একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্বের অবসান ঘটাবে।

ম্যানহাটনে কট্টরপন্থি জায়নবাদবিরোধী গোষ্ঠীগুলোর নাকবা দিবসের সমাবেশের সময়েই মামদানি এই ভিডিওটি প্রকাশ করেন। এছাড়া চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ইহুদি সম্প্রদায়ের বার্ষিক কুচকাওয়াজ ‘ইসরাইল ডে অন ফিফথ’-এ অংশ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন মেয়র মামদানি।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন