দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা, গোলাবর্ষণ ও অবকাঠামো ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ দিনেও একাধিক এলাকায় প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে অঞ্চলজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। আরব সালিম এলাকায় এক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। টাইরের বাইরে স্রিফা শহরে একটি চিকিৎসাকেন্দ্রে হামলায় অন্তত চারজন প্যারামেডিক আহত হয়েছেন।
এদিকে বিন্ত জবেইল শহরের আশপাশে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। একই এলাকায় হারিস ও আশপাশের অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চামা এলাকায় ইসরাইলি বাহিনীর ধ্বংসাত্মক অভিযানও বেড়েছে। বিয়্যাদা এলাকায় অবস্থানরত সেনারা বেসামরিক ঘরবাড়ি এবং কিছু ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, আকাশে দিনভর যুদ্ধবিমান ও ড্রোনের উপস্থিতি দেখা গেছে, যা আতঙ্ক আরও বাড়িয়েছে। যুদ্ধবিরতির প্রত্যাশা থাকলেও বাস্তবে দক্ষিণ লেবাননে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।
লেবাননের সরকার জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে মাত্র দুই দিনে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা সংকটকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


