হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌবাণিজ্য পুনরায় চালু করতে হলে নিরপেক্ষ বেসামরিক জাহাজে হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা ইরানকে দিতে হবে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোশেস।
আরব উপদ্বীপবিষয়ক পেন্টাগনের সাবেক পরিচালক ডেভিড ডেস রোশেস বলেন, যেকোনো বিশ্বাসযোগ্য সমঝোতার অংশ হিসেবে ইরানকে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করবে।
তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের কাছে সমুদ্রপথে চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা রয়েছে। ইরান চাইলে সেই সক্ষমতা ব্যবহার করতে পারে।
ডেস রোশেসের মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ বেসামরিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
তিনি বলেন, অন্য দেশের সার্বভৌম সমুদ্রসীমা দিয়ে এসব জাহাজ যেন ইরানের হামলার আশঙ্কা ছাড়াই চলাচল করতে পারে, সেটিই হওয়া উচিত যেকোনো সমঝোতার ভিত্তি।
তিনি আরো বলেন, এমন একটি সমঝোতা প্রয়োজন, যার মাধ্যমে ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে ওমানের সমুদ্রসীমা বা আন্তর্জাতিক সমুদ্রসীমা—কোনো স্থানেই তারা নিরপেক্ষ বেসামরিক জাহাজে হামলা চালাবে না।
ডেস রোশেসের ভাষ্য, স্বাভাবিক বাণিজ্য পুনরায় শুরু হওয়ার জন্য এ ধরনের প্রতিশ্রুতি অপরিহার্য।
তিনি বলেন, ‘এটি সামরিক সমস্যা নয়, বরং বাণিজ্যিক বীমার বিষয়। বীমা খাতকে নিশ্চিত হতে হবে যে ইরান আর বেসামরিক জাহাজে হামলা করবে না। এরপরই স্বাভাবিক বাণিজ্য পুনরায় শুরু হতে পারে, যা ইরানসহ উপসাগরীয় উপকূলবর্তী দেশ এবং তাদের বাণিজ্যিক অংশীদার—সবার জন্যই উপকারী হবে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

