ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের কারণে সৃষ্ট অস্ত্রসংকটের জেরে জাপানে শত শত টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মে মাসের শুরুতে এক টেলিফোন আলাপে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিকে এ সিদ্ধান্তের কথা জানান।
ফিনান্সিয়াল টাইমস “আলোচনার সঙ্গে পরিচিত একাধিক সূত্রের” বরাত দিয়ে জানায়, ইরানকে ঘিরে চলমান সামরিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে চাপ তৈরি হয়েছে। এর ফলেই জাপানের জন্য নির্ধারিত টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এশিয়া নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যাক কুপারের মন্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এশিয়াকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে পেন্টাগন মধ্যপ্রাচ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, অস্ত্র উৎপাদনের দীর্ঘ সময়সীমার কারণে ইরান যুদ্ধ শেষ হওয়ার পরও এর প্রভাব এশিয়ার মার্কিন মিত্র ও অংশীদারদের ওপর দীর্ঘদিন ধরে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক সরবরাহ ও কৌশলগত অগ্রাধিকারের ওপর সরাসরি প্রভাব ফেলছে।
সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


