যুক্তরাষ্ট্রের মূল অবকাঠামো লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাইবার হামলার হুমকি একটি ‘প্রকৃত ঝুঁকি’ হিসেবে দেখা দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন সাইবার নিরাপত্তা সংস্থা ‘গ্লোবাল সাইবার রিস্ক’-এর প্রধান নির্বাহী জোডি ওয়েস্টবি।
জোডি ওয়েস্টবি জানান, মার্কিন গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে যে হামলাগুলো চালানো হচ্ছে, তার পেছনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ‘ইলেকট্রনিক সাইবার কমান্ড’ সরাসরি জড়িত বলে মনে করছে মার্কিন কর্তৃপক্ষ। অত্যন্ত দক্ষ ও চতুর হ্যাকারদের দিয়ে এসব সাইবার আক্রমণ পরিচালনা করা হচ্ছে।
সম্ভাব্য এসব আক্রমণের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের হাসপাতাল, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্রের মতো জরুরি সেবা খাতগুলো।
ওয়েস্টবি আরো সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে তীব্র গ্রীষ্মকালীন তাপদাহ চলছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সেবা খাতগুলোতে হামলা হলে সাধারণ মানুষের জীবনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতের নেটওয়ার্ক কাঠামো বেশ বিচ্ছিন্ন ও খণ্ডবিখণ্ড। এর ফলে কোনো বড় ধরনের সাইবার হামলা হলে সরকারের পক্ষ থেকে দ্রুত বা সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। ইরান মূলত এই কাঠামোগত দুর্বলতারই সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
পাঁচ মাস আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর প্রসঙ্গ টেনে এই সাইবার বিশেষজ্ঞ বলেন, ‘এটি একটি অসম যুদ্ধ এবং এর প্রতিক্রিয়া হিসেবেই এখন ইরান এভাবে ডিজিটাল মাধ্যমে পাল্টা আঘাত হানছে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

