অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে অবৈধ ইসরাইলি বসতি ‘ইলি’ আরো সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের এই পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।
শনিবার ইসরাইলের ‘চ্যানেল ১৪’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান স্মোটরিচ।
তিনি বলেন, পশ্চিম তীরে নতুন নতুন খামার ও বসতি স্থাপন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল সরকার।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, এই ৭৬৩টি নতুন ইউনিট তৈরি হলে আগামী কয়েক বছরে অবৈধ ‘ইলি’ বসতির আকার তিন গুণ বাড়বে।
নাবলুসের কাছে প্রাণঘাতী এক সংঘাতের ঘটনার পরই এই বড় ধরনের বসতি সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ্যে এল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, গত শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় সংঘাতের সৃষ্টি হয়। এতে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন।
আসন্ন নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত স্মোটরিচ বসতি সম্প্রসারণের এই নীতির অন্যতম সমর্থক। চলতি মাসের শুরুর দিকে তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ইসরাইলের নিরাপত্তা ক্যাবিনেট ১৩০ কোটি শেকেল (প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) বাজেট অনুমোদন করেছে।
তিনি আরো জানান, ২০২২ সালের শেষের দিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষি আউটপোস্টের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্মিত সব বসতি সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা অগ্রহণযোগ্য।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

