হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা চললেও মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ইরাকের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ায় সতর্কসংকেত বেজে উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। তেহরানের বিবেচনায় অননুমোদিত একটি পথ দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ অতিক্রমের চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে।

অন্যদিকে ইরানের নিয়মিত নৌবাহিনী জানায়, প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ সমুদ্রসীমায় আরেকটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

তবে ইরানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দেশটির কর্তৃপক্ষ জাহাজগুলোর পরিচয়ও প্রকাশ করেনি।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা সোমবার হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছে।

সর্বশেষ ঘটনায় ওমানের খাসাবের সাত নটিক্যাল মাইল বা প্রায় ১৩ কিলোমিটার উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং এর ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।

এর আগে প্রণালি থেকে বের হওয়ার পথে আরেকটি ট্যাংকার অজ্ঞাতনামা কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থাটি। ওই জাহাজের ইঞ্জিনকক্ষেও আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের দাবি করা মাইন বিস্ফোরণের সঙ্গে যুক্তরাজ্যের সংস্থাটির জানানো দুটি হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত কয়েক সপ্তাহে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার পর নতুন করে এসব ঘটনা ঘটল। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে জাহাজের নিরাপত্তাসংক্রান্ত ১৩৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ঘটেছে ৩৫টি ঘটনা।

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোনের সতর্কসংকেত

সমুদ্রপথে জ্বালানি পরিবহনে নিরাপত্তাঝুঁকির মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যত্র জ্বালানি অবকাঠামো নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে সোমবার একটি ড্রোন উড়ে যায়। এ সময় সতর্কসংকেত বেজে ওঠে। বার্তা সংস্থা রয়টার্স দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

সর্বশেষ এ ঘটনায় কোনো হামলা বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগের সপ্তাহে সন্দেহভাজন ড্রোন হামলায় আগুন ধরে যাওয়ার পর খোর মোর গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানা গ্যাস জানিয়েছে, ওই ঘটনার কারণে ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। গ্যাসক্ষেত্রটির অন্যতম পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস।

কুর্দিস্তান অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য খোর মোর গ্যাসক্ষেত্রটি প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান উৎস। ফলে এ গ্যাসক্ষেত্রের উৎপাদন ব্যাহত হলে স্থানীয় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

গ্যাসক্ষেত্রটিতে এর আগেও একাধিকবার হামলা হয়েছে। ইরাকের কুর্দি কর্মকর্তারা এসব হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। তবে সোমবার ড্রোন উড়ে যাওয়ার ঘটনার জন্য কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরো জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছেছে।

সোমবার আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। এর ফলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখনো তীব্র রয়েছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা কার্যত থমকে আছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...