যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে।
নতুন মার্কিন গোয়েন্দা তথ্যে এমন পরিকল্পনার কথা উঠে এসেছে। তবে ইরান এ ধরনের হামলা চালাতে সক্ষম কি না কিংবা সত্যিই হামলা চালাবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের সাতজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সর্বশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, আপাতত হামলার পরিকল্পনা তৈরি করে রাখছে ইরান। তবে এর অর্থ এই নয় যে হামলা আসন্ন। বরং সম্ভাব্য পরিস্থিতিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করতেই তেহরান এমন পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যে পরিকল্পনার তথ্য পেয়েছেন, তা বেশ সুনির্দিষ্ট। এর মধ্যে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, এ তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলা মোকাবিলায় জরুরি ভিত্তিতে একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হামলার হুমকি নেই।
তারপরও মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যকে ইরানের ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাবের উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে থাকা ইরান এখন মার্কিন ভূখণ্ডের ভেতরে হামলার সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে পরিকল্পনা করছে বলে মনে করছেন তারা। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে ইরানের অর্থনীতির ওপর অবরোধের প্রভাবকে ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন।
তবে হামলা চালানোর মতো লোকবল ইরানের হাতে রয়েছে কি না, তা নিয়ে সংশয় আছে। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, ‘তারা সত্যিই হামলা চালানোর জন্য প্রয়োজনীয় লোকজন প্রস্তুত রেখেছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।’
যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা থমকে থাকলেও গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। কিন্তু নতুন এই হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভেতরে গোপনে যে তৎপরতা চলছে, তা সংঘাতের অনিশ্চিত ও জটিল পরিস্থিতিরই ইঙ্গিত দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুরু করা এই যুদ্ধের মূল্য শুধু জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে সম্ভাব্য হুমকি মোকাবিলার উপায় নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের একজন এই প্রস্তুতিকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন। ইরানের হুমকির কারণে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকেও সামরিক বাহিনীর আবাসনে সরিয়ে নিয়েছিল মার্কিন সিক্রেট সার্ভিস।
যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা নিয়ে উদ্বেগ
ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার একটি পরিকল্পনার অভিযোগও রয়েছে। তবে এ ধরনের তৎপরতার বেশির ভাগই ছিল বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের হত্যার সুযোগ খোঁজার মধ্যে সীমাবদ্ধ।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অপ্রচলিত অস্ত্র দিয়ে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডার্টি বোমা তৈরি করা তুলনামূলক সহজ। এ ধরনের বোমায় প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। হামলা চালাতে ইরানের প্রশিক্ষিত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে পাচার করারও প্রয়োজন নাও হতে পারে। দেশটিতে আগে থেকেই বসবাস করছেন, এমন কাউকে হামলা চালানোর জন্য রাজি করাতে পারলেই তা সম্ভব।
এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইরানের এমন কিছু কথোপকথনের তথ্য পেয়েছেন, যেখানে দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার দাবি করা হয়েছে। তবে এই তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তারপরও তাদের অনেকের ধারণা, ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় পদার্থ কিংবা রাসায়নিক উপাদান মজুত করে রাখতে পারে। এসব উপাদান প্রচলিত বোমার সঙ্গে যুক্ত করে ব্যবহার করা সম্ভব।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, ‘গত প্রায় ১০ বছর ধরে আমাদের সীমান্ত যে ধরনের অরক্ষিত অবস্থায় ছিল, তাতে হামলার জন্য লোকজনকে দেশে ঢোকানো এবং তাদের দিয়ে বোমার উপকরণ সংগ্রহ ও স্থাপন করানো অত্যন্ত সহজ ছিল।’
আরেকটি সূত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা মনে করেন, তেজস্ক্রিয় পদার্থ যুক্তরাষ্ট্রে কয়েক বছর নয়, বরং কয়েক দশক আগেই মজুত করে রাখা হয়ে থাকতে পারে।
দ্বিতীয় ওই কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা বাড়েনি। পরিবর্তন এসেছে হামলা চালানোর প্রণোদনায়। অর্থাৎ, আগে যে সক্ষমতা ছিল, তা এখনো রয়েছে; তবে বর্তমান পরিস্থিতিতে হামলা চালানোর আগ্রহ বেড়ে থাকতে পারে।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো মন্তব্য না করে বিষয়টি জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের কাছে পাঠিয়েছে। তবে ওই কার্যালয়ও মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে ইরান সম্পূর্ণ অবৈধ মনে করে। এ ধরনের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। তবে ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে বিবৃতিতে সরাসরি কিছু বলা হয়নি।
‘সন্ত্রাসের অস্ত্র’, নিখুঁত হামলার নয়
ডার্টি বোমা পারমাণবিক বোমা থেকে সম্পূর্ণ আলাদা। পারমাণবিক বোমায় নিউক্লিয়ার ফিশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়ায় বিপুল শক্তি উৎপন্ন হয়। ফলে এর ধ্বংসক্ষমতা ডার্টি বোমার তুলনায় বহুগুণ বেশি।
অন্যদিকে ডার্টি বোমা বিস্ফোরণের মাধ্যমে কয়েক ব্লক থেকে শুরু করে কয়েক মাইল এলাকাজুড়ে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলায় প্রাণহানির প্রধান কারণ হওয়ার কথা বিস্ফোরণ, তেজস্ক্রিয়তা নয়। প্রচলিত বোমার মতোই এটি তৈরি করা সম্ভব হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা।
নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, ‘এ ধরনের যেকোনো অস্ত্র নিখুঁত হামলার অস্ত্র নয়, বরং আতঙ্ক সৃষ্টির অস্ত্র। আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার মতোই এটি। এ ধরনের অস্ত্র মানুষকে মারাত্মক অসুস্থ করে তুলতে পারে এবং নির্দিষ্ট কিছু এলাকাকে বসবাসের অনুপযোগী করে দিতে পারে।’
সন্ত্রাসী পরিকল্পনা ঠেকানোর নজরদারি আইন নিয়েও উদ্বেগ
সম্ভাব্য হামলার পরিকল্পনা আগেভাগে শনাক্ত করাও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিদেশিদের যোগাযোগের তথ্য সংগ্রহের অনুমতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ নজরদারি আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টকে নিয়ে বিরোধের জেরে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি।
তবে জুনের আগে অনুমোদিত নজরদারির আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নতুন করে কংগ্রেস অনুমোদন না দিলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা শনাক্ত করার অন্যতম কার্যকর হাতিয়ার হারাতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। এ নিয়ে আগেই সতর্ক করেছেন কর্মকর্তারা।
গত সপ্তাহে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ।
চিঠিতে তারা যুক্তি দিয়েছেন, আইনটির মেয়াদ বাড়াতে দেরি হলে দেশের ভেতরে থাকা মার্কিন নাগরিক এবং বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়বে। বিশেষ করে বর্তমানে যে উচ্চমাত্রার হুমকির পরিস্থিতি সম্পর্কে কংগ্রেসের শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে, তাতে নজরদারি আইনটি কার্যকর রাখা জরুরি।
কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ চার নেতা এবং প্রতিনিধি পরিষদ ও সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির দুই দলের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত ‘গ্যাং অব এইট’ নামে পরিচিত এই আট নেতাকে চিঠি পাঠানোর কয়েক দিন আগে ইরান-সংক্রান্ত গোয়েন্দা তথ্য জানানো হয়েছিল। তবে সেই ব্রিফিংয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র হামলার সুনির্দিষ্ট হুমকির বিষয়টি ছিল কি না, তা স্পষ্ট নয়।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর রাসায়নিক হামলার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরো একটি গোয়েন্দা তথ্যের ওপর নজর রাখছেন। এতে ইঙ্গিত পাওয়া গেছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে ইরান। এ বিষয়ে দুই মার্কিন কর্মকর্তা তথ্য দিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস প্রথম এ উদ্বেগের খবর প্রকাশ করে।
একাধিক মার্কিন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, রাসায়নিক অস্ত্রের হামলা মোকাবিলার জন্য দেশটির সেনাদের কাছে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী নেই। এ ধরনের হামলা থেকে বাঁচার প্রয়োজনীয় প্রশিক্ষণও তাদের পর্যাপ্ত নয়।
সর্বশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক সূত্র সিএনএনকে জানিয়েছে, এ উদ্বেগের কারণে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সুরক্ষায় আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাসায়নিক অস্ত্রের হামলা হলে নিজেদের রক্ষা করতে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ নিশ্চিত করার পরিকল্পনা চলছে।
হরমুজ প্রণালিতে সংঘাত, চুক্তি নিয়ে অনিশ্চয়তা
একের পর এক হুমকি ও পাল্টা প্রস্তুতির মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত অব্যাহত রয়েছে। মার্কিন অবরোধ প্রত্যাহার, প্রণালিটি আবার খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশের আলোচনা এখনো কোনো কার্যকর ফল আনতে পারেনি।
অঞ্চলটির একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষই চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে এখন পর্যন্ত কোনো পক্ষকেই গুরুত্বপূর্ণ ছাড় দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে না। ওই সূত্রের মতে, যেকোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর জন্য আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কোনো কোনো পক্ষ চুক্তির পথে বাধা সৃষ্টি করতে পারে।
এ ক্ষেত্রে ইরানের কট্টরপন্থি নেতাদের পাশাপাশি সরকারের ভেতরে থাকা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কিছু গোষ্ঠীর দিকেও নজর রাখার কথা বলেছেন ওই আঞ্চলিক সূত্র। যুদ্ধ থেকে লাভবান হওয়া এসব গোষ্ঠী সংঘাত দীর্ঘায়িত করতে হামলা চালানোর প্রণোদনা পেতে পারে বলে তার আশঙ্কা।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এ ধরনের অস্ত্র মধ্যপ্রাচ্যে কিংবা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ব্যবহার করলে ইরানকে যে ভয়াবহ পাল্টা জবাবের মুখে পড়তে হবে, তা তেহরান ভালোভাবেই জানে। তবে ইরানের নেতারা যদি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে তাদের সরকারের অস্তিত্বই হুমকির মুখে, তাহলে তারা এমন ঝুঁকি নেওয়াকেও গ্রহণযোগ্য বলে বিবেচনা করতে পারেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



