হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে অংশ নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সোমবার এইচএমএম নামু নামের একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সিউলকে মার্কিন প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা ২৪ জন নাবিকই নিরাপদে আছেন, যাদের মধ্যে ছয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ জরুরি।
জ্বালানি আমদানির জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে নির্ভরশীল। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে প্রণালিটি কার্যত অচল হয়ে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক নৌপথের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে তারা ‘সতর্কতার সঙ্গে’ সিদ্ধান্ত নেবে।
এছাড়া, প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে সিউল।
জাহাজটির আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


