দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন করে হামলার সতর্কবার্তার পর আবারও হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। এর আগে যুদ্ধবিরতির কারণে যারা নিজেদের বাড়িতে ফিরে গিয়েছিলেন, তারাই এখন নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ মানুষের মধ্যে অনেকেই যুদ্ধবিরতির পর নিজেদের ঘরে ফিরেছিলেন। কেউ বাড়ির ক্ষয়ক্ষতি দেখতে, কেউবা সামান্য মেরামতের চেষ্টা করতে গিয়েছিলেন। তবে অনেকেই ফিরে গিয়ে দেখেন, তাদের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
একটি গ্রামের মুখতার (স্থানীয় কমিউনিটি নেতা) জানান, প্রায় ৭৫ শতাংশ বাসিন্দা ইতোমধ্যে এলাকায় ফিরে এসেছিলেন। কিন্তু নতুন করে জারি হওয়া সরিয়ে নেওয়ার নির্দেশের পর তারা আবারও এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।
এদিকে, এলাকা ছাড়ার সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা যুদ্ধের শুরুর দিনের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়িতে করে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রধান সড়কের একটি গোলচত্বরে গিয়ে আটকে পড়েন।
এই সময় ওই গোলচত্বরে থাকা একটি কফির দোকানে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

