গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের সজোরে ধাক্কায় প্রবীর (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি খালি পিকআপ বিজয়পাশা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা হেলপার প্রবীর ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপের ভেতর থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

