দক্ষিণ লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলায় একজন প্যারামেডিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
লেবাননের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, টাইর জেলার আল-হাউশ এলাকায় ইসরাইলি ড্রোনের দুটি পৃথক হামলায় ছয়জন নিহত হয়েছেন।
এদিকে আরব সালিম এলাকার আল-রিসালা অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের প্যারামেডিক আলি সালমান নাদের আল-আইন মহল্লায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন। খবর আল জাজিরার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনত জবেইল এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় পাঁচজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চিকিৎসক ও তেবনিন হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ ছাড়া দক্ষিণ লেবাননের সিদ্দিকিন ও আরজুন শহরেও হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতের পর টাইর জেলার দেইর কানুন-রাস আল-আইন শহরে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনা ঘটছে, যার ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


