অধিকৃত পশ্চিম তীরজুড়ে রাতের আঁধারে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনি জনপদগুলোতে অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিদের অব্যাহত সহিংসতাকে 'জাতিগত নিধন' হিসেবে বর্ণনা করা হচ্ছে।
সোমবারও অঞ্চলটিতে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে।
বেথলেহেমের দক্ষিণ-পূর্বে অবস্থিত আবু নুজায়ম গ্রামে ফোর-হুইল অল-টেরেন ভেহিকল (এটিভি) নিয়ে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেটলাররা। তারা গ্রামের বেশ কয়েকটি মহল্লায় অবস্থান নিয়ে উচ্চ শব্দে ও বেপরোয়া গাড়ি চালিয়ে ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া বেথলেহেমের পূর্বে অবস্থিত জা'আতয়ারা শহরে অভিযান চালিয়ে আল-কাত্ত এলাকায় থুয়াইব পরিবারের মালিকানাধীন বেশ কয়েকটি বাড়িঘরে তল্লাশি চালিয়েছে ইসরাইলি বাহিনী।
নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল নামক শহর থেকে ১৫ বছর বয়সি এক কিশোরসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। এ সময় তারা আশেপাশের আরো বেশ কয়েকটি গ্রামেও অভিযান চালায়।
জেনিনের দক্ষিণে অবস্থিত ইয়াবাদ শহরে অভিযান চালিয়ে বাণিজ্যিক দোকানপাটে তল্লাশি এবং স্থানীয় বাসিন্দাদের মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ করেছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে পার্শ্ববর্তী কাফর কুদ গ্রামে পদাতিক সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে।
হেব্রনজুড়ে চালানো অভিযানে এক শিশুসহ চার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি সেনারা। আটকের আগে কোনো কারণ ছাড়াই তাদের বাড়িঘরে তল্লাশি চালানো হয় এবং বন্দীদের মারধর করা হয়।
এছাড়া হেব্রনের দক্ষিণে ওয়াদি আল-রাখিম এলাকায় সামরিক বাহিনীর সুরক্ষায় সশস্ত্র ইসরাইলি সেটলাররা ফিলিস্তিনিদের আবাসিক বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তাদের ছোঁড়া পেট্রল বোমার আগুনে এক বাসিন্দার ভেড়ার খামার ও ঐতিহ্যবাহী চুলা পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তুবাসের দক্ষিণে ফার'আ শরণার্থী ক্যাম্পে অভিযান চালানোর পর ফিলিস্তিনি বন্দীদের চোখ ও হাত বেঁধে নিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


