যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে লেবাননের চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে নেতিবাচক মূল্যায়ন করেছেন বৈরুতভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রানিয়া খালেক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই আলোচনায় লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণ বা দরকষাকষির শক্তি নেই।
রানিয়া খালেক বলেন, ‘অধিকাংশ মানুষ বিশ্বাস করে না এই আলোচনা থেকে কোনো ফল আসবে। কারণ, লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।’
তিনি আরো উল্লেখ করেন, লেবানন সরকার মূলত যুক্তরাষ্ট্রের কাছে ‘নতি স্বীকার’ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র লেবানন ফ্রন্টকে ইরান ফ্রন্ট থেকে আলাদা করার সুযোগ পেয়েছে।
বৈরুত সরকার নিজেদের মতো করে আলোচনার দাবি করলেও রানিয়া খালেক একে একটি ‘নাটকীয় পরিবেশনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘লেবানন সরকার ইসরাইলিদের সাথে আলোচনার টেবিলে বসে বিনিময়ে দেশকে কিছুই দিতে পারছে না। এমনকি প্রতিদিন ইসরাইলি হামলা চললেও দেশে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই।’
এই পরিস্থিতি দেশটিতে মেরুকরণ সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি জানান, দক্ষিণ লেবাননের শিয়া জনগোষ্ঠীর একটি বিশাল অংশ বাস্তুচ্যুত হয়েছে এবং এই প্রক্রিয়া এখনো চলছে।
খালেক আরো অভিযোগ করেন, লেবানন ও ইসরাইলের মধ্যকার এই তথাকথিত আলোচনায় কোনো শিয়া প্রতিনিধি রাখা হয়নি।
সূত্র : আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

