ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো আগামী ১০ নভেম্বর নতুন পার্লামেন্টের (নেসেট) প্রথম অধিবেশনেই বর্তমান স্পিকার আমির ওহানাকে সরানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গেও সমঝোতা হয়েছে। ১২০ আসনের নেসেটে বিরোধী জোট ও আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ৬৭। ফলে স্পিকার পরিবর্তনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে।
শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরিবর্তন জোট’ নামে পরিচিত বিরোধী দলগুলোর মধ্যে স্পিকার ওহানাকে সরানোর বিষয়ে সমঝোতা হয়েছে। চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি এ তথ্য জানিয়েছেন। তবে নতুন স্পিকার কে হবেন, তা নিশ্চিত করেননি তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদকে এ পদে নিয়োগের কথা বিবেচনা করছে বিরোধীরা।
শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, ২৬তম নেসেটের সদস্যদের শপথের পর তাঁদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধান নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে।
বারাক সেরির প্রতিবেদন অনুযায়ী, নতুন নেসেটের সদস্যদের শপথের দিনই স্পিকার পরিবর্তনের ভোট হতে পারে। নতুন সরকার গঠনের আলোচনা চললেও এ সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা রয়েছে বিরোধীদের।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজও জানিয়েছে, স্পিকার আমির ওহানাকে দ্রুত সরানোর উদ্যোগ নিতে চায় বিরোধী জোট। তবে এ বিষয়ে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান এখনো পুরোপুরি একমত নন। পার্লামেন্টের আরব দলগুলোর সঙ্গে কাজ করতে তিনি অনাগ্রহী। অথচ স্পিকার পরিবর্তনের জন্য ওই দলগুলোর সমর্থন প্রয়োজন।
লিবারম্যান প্রস্তাবের পক্ষে ভোট না দিলে তাকে ভোটদানে বিরত থাকার অনুরোধ জানাতে পারেন অন্য বিরোধী নেতারা। তাতেও পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের আশা
চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়াইর গোলান আশা প্রকাশ করেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে পরিবর্তন জোট পরবর্তী সরকার গঠন করতে পারবে। এ বিষয়ে লিবারম্যান প্রকাশ্যে আপত্তি জানালেও গোলান মনে করেন, বিরোধীদের সরকার গঠনের সুযোগ রয়েছে।
নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন গোলান। তিনি বলেন, ‘একেবারেই না। সেটি হবে আরেকটি নেতানিয়াহু সরকার। তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
গোলান বলেন, ১২০ আসনের নেসেটে বিরোধী দলগুলোর হাতে মাত্র ৪৮টি আসন থাকলেও তারা সরকার গঠন করতে পারে এবং তাদের তা করতেই হবে। রা’আম পার্টিকে সঙ্গে নিলে আসনসংখ্যা দাঁড়াবে ৫৬। আর জয়েন্ট লিস্টের হাতে রয়েছে আরো ১১টি আসন।
বৃহস্পতিবার ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, ব’ইয়াচাদ পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াইর লাপিদ এবং রা’আমের নেতা মানসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেন গোলান। তিনি বলেন, সরকার গঠনের বিষয়ে তিনজনই অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।
গোলানের প্রস্তাব অনুযায়ী, রা’আম পরিবর্তন জোটের সঙ্গে সরকারে যোগ দিতে পারে। জয়েন্ট লিস্ট বাইরে থেকে সমর্থন দিতে পারে। তবে ইসরাইলের জনগণের মধ্যে এ নিয়ে সংবেদনশীলতা থাকায় আরব দলগুলো নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভায় কোনো পদ দাবি করবে না বলে মনে করেন তিনি।
গোলান বলেন, ‘আমরা এমন একটি সরকার গঠন করব, যা স্থিতিশীল হবে বলে আমার বিশ্বাস। তবে মেয়াদ সীমিত হলেও তুলনামূলক অল্প সময়ের মধ্যে ইসরাইলের গণতন্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেশটির নিরাপত্তা রক্ষা করতে পারব।’
স্পিকার পরিবর্তনের বিষয়ে আলোচনা করতে লিবারম্যান ও লাপিদের শনিবারই বৈঠকে বসার কথা রয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২।
### আরব দলগুলোর সঙ্গে জোটে আপত্তি লিবারম্যানের
শুক্রবার লিবারম্যান আবারও জানিয়েছেন, পরবর্তী নেসেটে আরব নেতৃত্বাধীন দুটি দলের সঙ্গে কোনো জোট সরকারে যোগ দেবে না তাঁর দল ইসরাইল বেইতেনু। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমরা সন্ত্রাসবাদের সমর্থকদের সঙ্গে বসব না।’
এ বক্তব্যের পক্ষে জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা ওফের কাসিফের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার প্রতি সমর্থন, রা’আমের আইনপ্রণেতা ইয়াসের হুজাইরাতের হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে অস্বীকৃতি এবং জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা ওসামা সাদির নির্বাচনের রাতে ফিলিস্তিনের জাতীয় সংগীত গাওয়ার কথা উল্লেখ করেন লিবারম্যান।
গত মাসে ইসরাইলের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রা’আম ও জয়েন্ট লিস্টকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিল করেন। তবে জয়েন্ট লিস্টের তিনটি দলের একটি বালাদের নেতা সামি আবু শাহাদেহকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়া হয়। ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে সমর্থন করার বক্তব্যের কারণে তাঁকে অযোগ্য ঘোষণার আশঙ্কা ছিল।
লিবারম্যান লিখেছেন, ‘যারা সন্ত্রাসবাদের সমর্থকদের ওপর নির্ভর করতে চায়, তারা তা করতে পারে। ইসরাইল বেইতেনু এর অংশ হবে না।’
### রা’আমের সঙ্গে সহযোগিতার আহ্বান সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন শুক্রবার ইহুদিদের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোকে রা’আমের সঙ্গে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলটির নেতা মানসুর আব্বাসকে মন্ত্রিসভায় একটি পদ দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে ইয়ালোন আব্বাসের প্রশংসা করেন। ব্যক্তিগত ও পেশাগতভাবে আব্বাসকে চেনেন বলে উল্লেখ করে তাঁকে ‘সাহসী আরব-ইসরাইলি নেতা’ আখ্যা দেন ইয়ালোন।
তিনি বলেন, আব্বাস ইসরাইলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি সামরিক বাহিনী অথবা জাতীয় সেবার মাধ্যমে সবার বাধ্যতামূলক নিয়োগের পক্ষে। যেকোনো দলের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আইজেনকোটের নির্ধারিত শর্তের মধ্যে এগুলোও রয়েছে।
ইয়ালোন উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোটরিচের সঙ্গে আব্বাসের অবস্থানের তুলনা করেন। ২০২১ সালের মে মাসে ইহুদি ও আরবদের মিশ্র বসতিপূর্ণ শহরগুলোতে সহিংসতার সময় আব্বাস ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। ইয়ালোনের ভাষায়, বেন গভিরের অনুসারীরা যে উত্তেজনা ছড়িয়েছিলেন, তা প্রশমিত করার চেষ্টা করেছিলেন আব্বাস।
ইয়ালোন বলেন, ‘ইতামার বেন গভিরকে আমি চিনি, যখন তিনি শিন বেতের নজরদারিতে ছিলেন। তখন তিনি হেবরন এলাকায় ঘৃণা, উত্তেজনা ও সহিংসতা উসকে দিতেন। তাঁর কর্মকাণ্ডের জন্য আটটি পৃথক অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এর মধ্যে একটি ছিল ইহুদি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন।’
সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বেজালেল স্মোটরিচের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, বিচ্ছিন্নকরণ পরিকল্পনার আগে স্মোটরিচকে ৭০০ লিটার জ্বালানি নিয়ে হাইওয়ে-১-এ বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।
ইয়ালোন বলেন, ‘মানসুর আব্বাস ইহুদি নন। কিন্তু আমি আশা করি, অধিকাংশ ইসরাইলি নাগরিকের মূল্যবোধ তাঁর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, উগ্র জাতীয়তাবাদী, বর্ণবাদী ও ফ্যাসিবাদীদের সঙ্গে নয়।’
তিনি আরও বলেন, ‘মানসুর আব্বাসকে ইসরাইল সরকারের মন্ত্রী করা উচিত। ৭ অক্টোবরের জন্য দায়ী ব্যক্তিদের এবং ক্ষমতায় টিকে থাকতে যারা দেশকে ধ্বংস করতে প্রস্তুত, তাদের নির্ধারণ করা নিয়ম মেনে চলা বন্ধ করুন।’
### পার্লামেন্টে দলীয় নেতা নিয়োগ
এদিকে ১০ নভেম্বর ২৬তম নেসেটের সদস্যদের শপথের আগে নতুন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে যাওয়া দলগুলো তাদের সংসদীয় দলের নেতা নিয়োগ শুরু করেছে।
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট জানিয়েছেন, নতুন আইনপ্রণেতা রয় ফোকম্যান তাঁর দলের সংসদীয় নেতা হবেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিলুপ্ত কুলানু পার্টির হয়ে নেসেটের সদস্য ছিলেন ফোকম্যান। সে সময়ও তিনি দলটির সংসদীয় নেতার দায়িত্ব পালন করেন।
আইজেনকোট ফোকম্যানের ব্যাপক রাজনৈতিক অভিজ্ঞতা, বুদ্ধিবৃত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের প্রশংসা করেন।
অন্যদিকে ব’ইয়াচাদ পার্টির নেতা নাফতালি বেনেট দলটির সংসদীয় নেতা হিসেবে আইনপ্রণেতা ইতান গিনজবার্গকে নিয়োগ দিয়েছেন। বিদায়ী পার্লামেন্টে তিনি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সদস্য ছিলেন।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া গিনজবার্গ এর আগে পার্লামেন্টের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। একাধিক সংসদীয় কমিটির প্রধানও ছিলেন তিনি। ২০২১ সালের জুনে নেতানিয়াহু ও বেনি গান্তজের সরকার ভেঙে যাওয়ার আগে প্রায় ছয় সপ্তাহের জন্য যোগাযোগমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন গিনজবার্গ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

