লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাকুরায় ইসরাইলি বাহিনী আর্টিলারি হামলা চালিয়েছে এবং ফসফরাসযুক্ত গোলা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি বাহিনী কামান ও ফসফরাস-ভর্তি গোলা দিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর নাকোরা-তে গোলাবর্ষণ করছে। এলাকাটিতে তীব্র গোলাবর্ষণের পাশাপাশি স্থলযুদ্ধও শুরু হয়েছে। শহরের ভেতরে ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। বিশেষ করে ফসফরাসযুক্ত গোলা ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করতে পারে, কারণ এ ধরনের অস্ত্র ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কাসমিয়া সেতুতে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
আলজাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল পুনরায় ওই সেতুকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। কাসমিয়া সেতুটি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে বিবেচিত।
এদিকে, লেবাননের পূর্বাঞ্চলে মাজদাল সেলেম শহরেও ইসরাইলি বাহিনী পৃথক একটি বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।
সূত্র: আলজাজিরা।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

