ফ্লোরিডার মিয়ামি বিচে আয়োজিত এফআইআই প্রায়োরিটি সামিটে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে 'ট্রাম্প প্রণালি' বলে অভিহিত করেছেন।
উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, 'তাদের এটি খুলে দিতে হবে, তাদের "ট্রাম্প প্রণালী" খুলে দিতে হবে। মানে আমি বলতে চেয়েছি হরমুজ।'
এর পরপরই রসিকতা করে তিনি বলেন, 'মাফ করবেন, আমি খুবই দুঃখিত। এটা তো একটা মারাত্মক ভুল। ফেক নিউজ (ভুয়া সংবাদমাধ্যম) এখন প্রচার করবে যে, "তিনি [ট্রাম্প] ভুলক্রমে এটি বলে ফেলেছেন"। না, আমার কোনো ভুল হয় না। খুব একটা হয় না।'
আসন্ন দিনগুলোতে ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি খুলে দেওয়ার জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। অন্যথায় তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধূলিসাৎ' করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে বৃহস্পতিবার তিনি জানান, তেহরানের সঙ্গে 'আলোচনা চলছে', তাই তিনি তার দেওয়া চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন আরও ১০ দিন বাড়িয়ে দিয়েছেন।
তথ্যসূত্র: সিএনএন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

