সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ও আরব লীগ। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। খবর আলজাজিরার।
জিসিসির মহাসচিব জাসিম মোহাম্মদ আলবুদাইভি হামলাটিকে ‘আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘনকারী সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা জিসিসির অন্য সদস্য দেশগুলোর নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রিয়াদের সীমান্ত ও স্বাধীনতা রক্ষার প্রচেষ্টায় পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দেন তিনি।
অন্যদিকে, সৌদি আরবের নাজরান এবং ইয়েমেনের মারিব ও হাদরামাউতে সরকারি বাহিনীর অবস্থানে হুথিদের হামলার নিন্দা জানিয়েছেন আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি।
এক বিবৃতিতে ফাহমি বলেন, সৌদি ভূখণ্ডে হামলা ও বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং ইয়েমেনের অভ্যন্তরে হামলা চালানো ‘অত্যন্ত বিপজ্জনক পথ’, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছে।
সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মুখে দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে আরব লীগ। একই সঙ্গে হুথিদের হামলা ও ইয়েমেনে চলমান উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আরব লীগের মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বন্ধ করতে হবে এবং সংঘাতের পরিধি বাড়িয়ে দিতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়ার ওপর জোর দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


