হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো উদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কোনো সামরিক পাহারা বা ‘এসকর্ট মিশন’ নয় বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমগুলো।
ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে), সিএনএন এবং অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ট্রাম্প এই অভিযানের ক্ষেত্রে ‘এসকর্ট’ শব্দের বদলে ‘গাইড’ বা পথপ্রদর্শক শব্দটি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন বর্তমানে এই প্রক্রিয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে প্রণালি পার করে দেবে না।
সিএনএন একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, এটি কোনো এসকর্ট মিশন নয়; বরং মার্কিন সামরিক বাহিনী আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাবে।
অ্যাক্সিওস জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানি হামলা ঠেকাতে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো সরাসরি পাহারা না দিয়ে কেবল ‘কাছাকাছি অবস্থানে’ অবস্থান করবে।
তবে এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে ইউরোপীয় কূটনীতিক এবং জাহাজ মালিকরা সন্দেহ প্রকাশ করেছেন।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে একজন জাহাজ মালিক জানান, পশ্চিমা জাহাজের পথপ্রদর্শর্নায় চলাচলের ফলে বরং ইরানি বাহিনীর হামলার শিকার হওয়ার ঝুঁকি আরো বেড়ে যেতে পারে।
সিএনএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এই পরিকল্পনা নিয়ে এখনো অনেক অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগটি মূলত বাণিজ্যিক জাহাজগুলোকে মানসিকভাবে ‘নিরাপদ অনুভব’ করানোর জন্য ডিজাইন করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


