পশ্চিম তীরে ইহুদিদের সহিংসতা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের নিন্দা

পশ্চিম তীরে ইহুদিদের সহিংসতা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের নিন্দা
ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারী ইহুদিদের সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।

দেশটি বলেছে, ফিলিস্তিনি গ্রাম ও জনপদে সাম্প্রতিক হামলার ঘটনা ‘ভয়াবহ’। এসব হামলার কিছু ক্ষেত্রে ইসরাইলি বাহিনীও জড়িত ছিল।

বিজ্ঞাপন

জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি সারাহ ম্যাকিনটোশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ফিলিস্তিনবিষয়ক বৈঠকে এসব কথা বলেন।

সারাহ ম্যাকিনটোশ বলেন, ‘পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় যুক্তরাজ্য নিন্দা জানাচ্ছে।’

তিনি বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। শুধু জুলাই মাসেই ১৩ জন ফিলিস্তিনি ও ২ জন ইসরাইলি নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) জুলাইয়ের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে যুক্তরাজ্যের এই প্রতিনিধি বলেন, ওই মাসে বসতি স্থাপনকারীদের সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ৩০০টির বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ২৫০টির বেশি ফিলিস্তিনি জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে অন্তত ৩ জন ইসরাইলি নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

শিশুরাও এই সংঘাতের অন্যতম বড় ভুক্তভোগী বলে উল্লেখ করেন সারাহ ম্যাকিনটোশ। তিনি বলেন, সংঘাতের কারণে তারা বারবার সহিংসতা, বাস্তুচ্যুতি ও চলাচলে বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে। সামরিক অভিযানও তাদের জীবনকে ব্যাহত করছে।

যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দায়মুক্তি ভোগ করে আসছেন। এসব সহিংসতা ঠেকাতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আরো অনেক কিছু করতে হবে।

তিনি ইসরাইল সরকারের প্রতি অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন