ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে কোনো সুবিধা না মেলায় এতে ইরানের সদস্যপদ বজায় রাখার কোনো মানে নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে রেজাই বলেন, এনপিটি ইরানকে হামলা থেকে রক্ষা করতে পারেনি। এনপিটি শুধু পারমাণবিক শক্তিধর দেশগুলোর হামলা থেকে আমাদের দেশকে রক্ষা করতে ব্যর্থই হয়নি, বরং আমাদের পারমাণবিক স্থাপনাগুলো বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক দলিল ও চুক্তিগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানের অবস্থানের ওপর জোর দিয়ে রেজাই বলেন, বোমা তৈরির কোনো ইচ্ছা আমাদের নেই এবং এ বিষয়ে আমাদের নীতি অপরিবর্তিত রয়েছে।
রেজাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সমালোচনা করে বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার একমাত্র উপায় হলো পারমাণবিক বোমা’—তার এই মন্তব্যটি ‘উস্কানিমূলক ও বিপজ্জনক’।
তিনি মার্কিন পদক্ষেপের দিকে ইঙ্গিত করে বলেন, আমেরিকা ৬০টি আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও ইরান যদি এনপিটি ত্যাগ করে, তবে তা সম্ভবত ‘পশ্চিমা বিশ্বের বিস্ময় ও বিরোধিতার’ সম্মুখীন হবে।
চুক্তিতে ইরানের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে রেজাই বলেন, বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। সূত্র: আল মায়াদিন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক: ইরান