ইসরাইলে নতুন সরকার গঠনে কত সময় পাবেন আইজেনকট

ইসরাইলে নতুন সরকার গঠনে কত সময় পাবেন আইজেনকট
ছবি: ডয়েচে ভ্যালে

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।

নির্বাচনে আইজেনকটের পক্ষে নেসেটের ৬৭ জন সদস্য সুপারিশ করেছেন। সরকার গঠনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। যদি তিনি এই সময়ের মধ্যে সরকার গঠন করতে ব্যর্থ হন, তাহলে তিনি প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিন সময় বাড়ানোর অনুরোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি নিজের রাজনৈতিক জোটের দলগুলোকে বাদ দিতে রাজি নন। তার প্রস্তাব, সরকারে জাতীয় শিবিরের সব দল এবং ইসরাইলের ইহুদি রাষ্ট্রের পক্ষে থাকা সব জায়নবাদী দলকে অন্তর্ভুক্ত করতে হবে।

নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করে আইজেনকটের দল জানিয়েছে, তার জোটে থাকা উগ্রপন্থি দলগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। একই সঙ্গে আইজেনকটের ঘোষিত চারটি নীতি মেনে তার নেতৃত্বে সরকার গঠনে সম্মত হতে হবে। দলটি নেতানিয়াহুর বক্তব্যকে ‘হিস্টিরিয়াগ্রস্ত ভাষণ’ বলেও আখ্যা দিয়েছে।

নেতানিয়াহু অভিযোগ করেছেন, আইজেনকট আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করছেন। তার দাবি, হামাস-সমর্থক ও কট্টর ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল কোনো সরকার ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

জবাবে ইয়াশার পার্টি জানায়, ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে আসছে বুঝতে পেরেই নেতানিয়াহু এখন ঐক্যের কথা বলছেন। দলটির অভিযোগ, অতীতে নেতানিয়াহু বারবার ঐক্যের সরকার গঠন করলেও ভেতর থেকে তা দুর্বল করার চেষ্টা করেছেন। এমনকি ৭ অক্টোবরের হামলার পর গঠিত সরকারেও তিনি উগ্রপন্থি নেতা ইতামার বেন-গভিরকে গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন।

দলটির ভাষ্য, ইসরাইলের জন্য জাতীয় ঐক্য গুরুত্বপূর্ণ হলেও নেতানিয়াহু ধারাবাহিকভাবে বিভাজন ও উসকানির রাজনীতি করেছেন।

সূত্র: ওয়াইনেট গ্লোবাল

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন