হোম > আমার দেশ স্পেশাল > অনুসন্ধান

এবার নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচারণা নেই

ভাঙল পুরোনো ধারা

আবু সুফিয়ান

বাংলাদেশে সংসদ নির্বাচন ঘিরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার অভিযোগ নতুন নয়। প্রতিবারই নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতার নানা অভিযোগ দেখা যায়। ১৯৯১-পরবর্তী প্রায় প্রতিটি সংসদ নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে এসেছে। তবে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই প্রচলিত ধারা ভেঙে দিয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। এবারের ভোটে নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের বড় কোনো অভিযোগ বা প্রচার দৃশ্যমান হয়নি, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সবচেয়ে বেশি অভিযোগ ওঠে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনের পর। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ওই সময় ‘সংখ্যালঘু নির্যাতনের কার্ড’ দেশ-বিদেশে প্রচার করে চারদলীয় জোট সরকারকে ব্যাপক চাপে ফেলে দিয়েছিল। বরাবরই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের সুবিধা ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিয়ে এলেও ওই দলের বিরুদ্ধেই রয়েছে সংখ্যালঘু নির্যাতনের নানা অভিযোগ।

শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সর্বশেষ তিনটি সংসদ নির্বাচনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিবারই নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয় লক্ষ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থা, সংখ্যালঘু সংগঠন ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন ধারাবাহিক নিপীড়নের প্রবণতার কথা উঠে এসেছিল। যদিও সেসব ছিল একতরফা, ভোটারবিহীন ও রাতে হওয়া নির্বাচন।

তবে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এর ব্যতিক্রম দেখা গেছে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন শান্তিপূর্ণ এ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। জামায়াতে ইসলামীও জয়ের আশা জাগিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অতীতের সব নির্বাচনের মতো এ নির্বাচনের আগেও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ৮ ফেব্রুয়ারি এক প্রেস রিলিজে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে এমন আশঙ্কার কথা তুলে ধরেছিল। তাদের ‘প্রি-ইলেকশন অ্যান্ড রেফারেন্ডাম সিচুয়েশন’ পর্যবেক্ষণে বলা হয়েছিল— অর্থ, ধর্ম, পেশিশক্তি ও সামাজিক গোষ্ঠীগুলোর প্রভাব পুরোনো রাজনৈতিক বর্ণনার ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ ও সংঘর্ষ সহিংসতা ও অস্থিরতার ঝুঁকি তৈরি করে। এ পর্যবেক্ষণে ধর্মীয় প্রভাবের ব্যবহার ও সাধারণ নিরাপত্তাব্যবস্থা সম্পর্কিত প্রশ্নও উঠে আসে, যা নির্বাচনকালীন পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদ ও অধিকার সংগঠনগুলোও নির্বাচন সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বেড়েছে এমন ভাষ্যও দেয়। কিন্তু সব জল্পনা-কল্পনা উড়িয়ে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে সংখ্যালঘু নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি।

হাসিনার সময়ে সংখ্যালঘু নিপীড়নের চিত্র

ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিপরীতে শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সহিংসতার বিস্তৃত চিত্র পাওয়া যায়। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী, ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে অন্তত ৭৬১টি হিন্দু বাড়ি, ১৯৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ২৪৭টি মন্দিরে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটে। যশোরের মালোপাড়া গ্রামে নির্বাচনের আগের রাতে কয়েকশ হামলাকারী হিন্দু পরিবারগুলোর বাড়িতে আগুন ও ভাঙচুর চালায়। বরিশাল, কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও লুটপাটের অভিযোগ ওঠে। বহু পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়তে বাধ্য হয়।

২০১৮ সালের নির্বাচনকে ঘিরে অন্তত ৪৭টি সহিংস ঘটনার উল্লেখ পাওয়া যায়; এতে আটজন নিহত ও প্রায় ৫৬০ জন আহত হন। চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার কয়েকটি এলাকায় সংখ্যালঘু বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর আসে। সংখ্যালঘু সংগঠনগুলোর অভিযোগ ছিল, ভয় ও চাপে অনেক ভোটার কেন্দ্রে যেতে দ্বিধাগ্রস্ত ছিলেন। সরকারি পক্ষ বলেছিল, অধিকাংশ ঘটনা রাজনৈতিক সংঘর্ষজনিত।

২০২৪ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময় পর্যন্ত মোট দুই হাজার ৪৪২টি সহিংসতার ঘটনা ঘটে। এ সময় সহিংসতার শিকার হয়েছে অনেক সংখ্যালঘুও। কিছু প্রতিবেদনে অন্তত ৬১ জন নিহত হওয়ার তথ্যও রয়েছে। মৌলভীবাজার, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় উল্লেখযোগ্য হামলার খবর পাওয়া যায়। পুলিশের একাধিক তদন্তে প্রায় ৯৮ শতাংশ ঘটনাকে রাজনৈতিকভাবে প্রভাবিত হিসেবে চিহ্নিত করা হয়। তবে সংখ্যালঘু সংগঠনগুলোর দাবি ছিল, ধর্মীয় পরিচয়ও লক্ষ্যবস্তু ছিল।

তিনটি নির্বাচনের তথ্য বিশ্লেষণে স্পষ্ট, হাসিনার সময়কালে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায় বারবার ঝুঁকির মুখে ছিল। বাড়িঘর ও উপাসনালয়ে হামলা শুধু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নয়, দীর্ঘমেয়াদে ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছিল।

নজিরবিহীন শান্তিপূর্ণ নির্বাচনের পর দেশের গণমাধ্যমগুলোতে সংখ্যালঘু নিপীড়ন বিষয়ে কোনো চিত্র না থাকলেও ভারতীয় গণমাধ্যমগুলোর গুজব থেমে নেই। দেশটির গণমাধ্যমের কিছু অংশ নির্বাচনের আগে থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতিমাত্রায় ভুল বা অপপ্রচারের খবর ছড়িয়েছিল, যা অনেক ক্ষেত্রে যাচাই-বাছাইহীন গুজব হিসেবে চিহ্নিত হয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর আমার দেশকে বলেন, এবার নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটায় কিংবা এ নিয়ে কোনো অপপ্রচার না হওয়ায় স্পষ্ট হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল প্রত্যেক নির্বাচনের পর এই ধরনের প্রোপাগান্ডা রটাতো এবং মহলটি এবার নির্বাচনী প্রক্রিয়ার বাইরে আছে। জুলাই-পরবর্তী বাংলাদেশের অন্যতম অর্জন পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং সংখ্যালঘু নির্যাতনের কোনো কল্পকাহিনিও প্রচার হয়নি।’

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার মাহমুদ আমার দেশকে বলেন, অন্যবারের নির্বাচনের সঙ্গে এবারের বড় পার্থক্য হলো আওয়ামী লীগের অনুপস্থিতি। তারা এ দেশে সংখ্যালঘু কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করেছে। তারা না থাকায় অমুসলিদের কৃত্রিমভাবে হলেও নিরাপত্তাহীনতা অনুভব করিয়ে নিজেদের শুভাকাঙ্ক্ষী হিসেবে তুলে ধরে ভোটের রাজনীতি করার কেউ এবার ছিল না। ফলে এবারের নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের ওপর কোনো নিপীড়ন হয়নি।

নির্বাচন ভন্ডুলে মাঠে নেমেছে নয়াদিল্লি

‘ব্যক্তিগত বিচারের ভিত্তিতে’ গুম করতেন সিটিটিসির আহমেদুল