হোম > সারা দেশ

বিএনপিতে ত্রিধারা, ইসলামী আন্দোলনের একাধিক প্রার্থী, কৌশলী জামায়াত

ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নওগাঁ-১ আসনের রাজনীতি। পোরশা, সাপাহার ও নিয়ামতপুরÑ এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা ভোটার ও সাধারণ মানুষকে কাছে টানতে নানা তৎপরতা চালাচ্ছেন। গত ঈদুল আজহার আগে থেকে নির্বাচনি এলাকায় নিজেদের প্রার্থিতার কথা জানান দিয়ে গণসংযোগ, সভা-সমাবেশ করছেন তারা। নির্বাচনি এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দল এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাপাত্তা। দলীয় কার্যালয় তালাবদ্ধ। তৎপরতা নেই জাতীয় পার্টি ও এনসিপির। ২০০৬ সাল পর্যন্ত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল নওগাঁ-১ আসন। এ আসনটি নবম জাতীয় সংসদ নির্বাচনে দখলে নেয় আওয়ামী লীগ। এরপর ১৬ বছর একতরফা রাজত্ব করেছে আওয়ামী লীগ।

একসময়ে বিএনপির ঘাঁটি বলে পরিচিত নওগাঁ-১ আসনের বিএনপি এখন তিন বলয়ে বিভক্ত। একদিকে নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। বর্ষীয়ান নেতা হওয়ায় আসনটির তিন উপজেলায় তার অগণিত নেতাকর্মী ও অনুসারী রয়েছেন।

অপরদিকে নেতৃত্ব দিচ্ছেন ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করা মো. মোস্তাফিজুর রহমান। নির্বাচনি আসনে তাকে মাঝেমধ্যে কিছু অনুসারীদের নিয়ে নির্বাচনি এলাকায় দলীয় লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে দেখা যায়। এ ছাড়াও স্থানীয় বিএনপির আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন শাহ্‌ আহম্মেদ মো. মোজাম্মেল চৌধুরী। তিনি ২০১৮ সালে পোরশা উপজেলা বিএনপিতে যোগ দেন। এরপর থেকেই তিনি পোরশা উপজেলা বিএনপির সব কর্মকাণ্ডে সরব থেকে ২০২৩ সালে তিনি পোরশা উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। মূলত এই তিন গ্রুপ নিয়েই নওগাঁ-১ আসনে বিএনপির রাজনীতি আবর্তিত হচ্ছে।

এ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে বিএনপির ছয় নেতার নাম নেতাকর্মীদের মুখে মুখে রয়েছে। তারা হলেন বিএনপির প্রার্থী হিসেবে তিনবারের নির্বাচিত সাবেক এমপি মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি। ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করা প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ধানের শীষের প্রার্থী হতে চান। এ আসনে যেসব নেতা বিএনপির প্রার্থী হতে চান তারা হলেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. মাসুদ রানা। প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য। পোরশা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি শাহ্‌ আহম্মদ মো. মোজাম্মেল চৌধুরী তিনিও বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। তবে ডা. ছালেক চৌধুরী ও প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী এবং লায়ন মাসুদ রানা এই তিনজনকে দলীয় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে একই মঞ্চে দেখা যায়। এ ছাড়াও আলোচনায় আছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মো. মাহমুদুস সালেহীন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় গণসংযোগ ও সভা-সমাবেশ করে যাচ্ছেন বিএনপির এই ছয় নেতা। বিএনপির মনোনয়নপ্রত্যাশী সবাই বলেন, আমরা যার যার মতো করে দলীয় মনোনয়ন চাইব। তবে দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা সবাই তার জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

এদিকে মাঠে সরব রয়েছেন জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ মো. মাহবুবুল আলম। তিনি সাপাহার আল-হেরা ইসলামী একাডেমির অধ্যক্ষ। জামায়াতের মনোনীত এই একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে অনেক আগেই। বিএনপির বিভক্তির সুযোগে ভিন্ন কৌশলে জামায়াতের কর্মী-সমর্থকরা দলের একক প্রার্থীর পক্ষে গণসংযোগ, সভা-সমাবেশ করে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে মাঠে রয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত না করলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন।

নওগাঁ জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সদস্য মাওলানা মো. উমর আলী ও পোরশা উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি মো. তৈয়ব শাহ্‌ চৌধুরী, সাপাহার উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. খন্দকার ফারুক আহম্মেদ মাস্টার এবং নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. শফিকুল ইসলাম আগামী নির্বাচনে দলের মনোনয়ন চাইবেন। তারা বলেন, দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা সবাই একসঙ্গে তার জন্য কাজ করব। জাতীয় পার্টি, এনসিপি, গণঅধিকার পরিষদের কোনো তৎপরতা নেই এই আসনে।

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

বকশীগঞ্জে আলুর বাজারে অস্থিরতা, লোকসানের আশঙ্কায় চাষিরা