চাঁদপুরে জনসভায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশে চার কোটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী বাজেটের পর সবার হাতে এই কার্ড পর্যায়ক্রমে পৌঁছে যাবে। তিনি আরো বলেন, এ দেশের মানুষ একযুগ ধরে আন্দোলন করার পর রাজনৈতিক বিজয় পেয়েছে। সেই বিজয় নস্যাৎ করার জন্য একটি মহল চক্রান্ত করছে। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে এই চক্রান্ত প্রতিহত করব।
শনিবার বিকাল পাঁচটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ চাঁদপুর থেকে ২০টি জেলায় একযোগে ১৫ হাজার পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হচ্ছে। এর আগে আরো দুই দফায় ৩০ হাজার কার্ড বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, আন্দোলন-সংগ্রাম করে অনেক জীবনের বিনিময়ে দেশের মানুষ ঘাড়ে চেপে বসা স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আমরা গণতন্ত্র, বাকস্বাধীনতা, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম। আর বাংলাদেশের জনগণ সেই আন্দোলনে সফল হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক একগুচ্ছ দাবি তুলে ধরেন। তার দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে চাঁদপুরে একটি ইপিজেড নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার অগ্রগতির জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ এখন থেকে স্নাতক পর্যন্ত নারীরা বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবে। তিনি বলেন, এ দেশের ২০ কোটি মানুষের হাতকে দক্ষ হাতে রূপান্তর করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।
এর আগে বিকাল চারটায় তিনি সদর উপজেলার ঘোষেরহাটে বিশ্বখাল পুনঃখনন উদ্বোধন করেন। এর আগে দুপুরে চাঁদপুরের প্রথম কর্মসূচি হিসেবে শাহরাস্তিতে উয়ারুখ বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন উদ্বোধন করেন। পরে খালপাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও উপদেষ্টা ড. একেএম শামসুল ইসলাম, শিক্ষা ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিন, জাতীয় সংসদের হুইফ মিয়া নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মাহমুদুল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক আহাম্মদ জিয়াউর রহমান, পুলিশ সুপার রবিউল হাসান প্রমুখ।
খোর্দ্দ খাল পুনঃখনন উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছি। কারণ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো বৃদ্ধি করতে চাই। যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।
বেলা আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা খাল খননের কথা বলেছি। কারণ খাল খননের মধ্য দিয়ে কৃষক উপকৃত হবে। এতে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হবে। কৃষকদের উন্নতি হলে এ দেশের অর্থনীতি মজবুত হবে।
ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন। এই টাকা দিয়ে সন্তানদের যত্ন ও স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে পারবেন। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই কার্ড দেওয়া হচ্ছে। আগামী বাজেটে আরো বৃদ্ধি করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী আগে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। সরকার স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার ব্যবস্থা করবে এবং মেধাবীদের সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হবে। কারণ নারীদের স্বাবলম্বী না করে দেশ এগিয়ে নেওয়া সম্ভব না।
প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞা করতে হবে। হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মমিনুল হক এমপি। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমউল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।